চলে গেলেন অগ্নিদগ্ধ মন্টুও
বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের হরতাল চলাকালে গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় আজ শুক্রবার সকালে আরও একজন মারা গেছেন।
নিহত ব্যক্তির নাম মন্টু চন্দ্র পাল (৩৫)। তিনি সকাল আটটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের নিবিড় পরিচর্যাকেন্দ্রে চিকিত্সাধীন অবস্থায় মারা যান। এ সময় তাঁর স্ত্রী সঞ্জু পাল পাশে ছিলেন।
মন্টু পালের মৃত্যুর বিষয়টি প্রথম আলো ডটকমকে নিশ্চিত করেছেন তাঁর শ্যালক প্রদীপ ও কর্তব্যরত চিকিত্সক মলয় কুমার দাস।
১০ নভেম্বর রাত ১০টার দিকে পুরান ঢাকার লক্ষ্মীবাজারে যাত্রীবাহী লেগুনায় পেট্রলবোমা ছোড়ে হরতালের সমর্থনকারীরা। এতে মন্টু পালসহ আরও চারজন দগ্ধ হন। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ভর্তি হন মন্টু পাল। আগুনে তাঁর শরীরের ৯০ শতাংশ পুড়ে যায়।
মন্টু চন্দ্র পাল পুরান ঢাকার তাঁতীবাজারে একটি স্বর্ণের দোকানের কারিগর ছিলেন। তিনি পুরান ঢাকায় থাকতেন। তাঁর পরিবারের সদস্যরা নারায়ণগঞ্জে থাকেন। ঘটনার দিন মন্টু পাল পুরান ঢাকা থেকে নারায়ণগঞ্জ যাচ্ছিলেন।