চলে গেলেন অনুবাদক জাফর আলম

চলে গেলেন বাংলাদেশের অন্যতম প্রধান অনুবাদক জাফর আলম। গত রাতে মিরপুরে নিজ বাসায় তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে শয্যাশায়ী ছিলেন।
খাজা আব্বাস, সাদত হাসান মান্টো, কৃষণ চন্দর, ইসমত চুগতাই, ফয়েজ আহমেদ ফয়েজ, মুন্সী প্রেমচান, মুলক রাজ আনন্দের মতো লেখকদের লেখা তিনি বাংলায় অনুবাদ করেছেন। গত চার দশক অনুবাদ করে গেছেন তিনি। অনুবাদ সাহিত্যে অসামান্য অবদানের জন্য তিনি পেয়েছেন বাংলা একাডেমি পুরস্কারসহ নানা স্বীকৃতি।
জাফর আলম ১৯৪৩ সালে কক্সবাজারে জন্মগ্রহণ করেন। সাংবাদিকতা দিয়ে তিনি কর্মজীবন শুরু করেন। ১৯৭৫ সালে সরকারের তথ্য অধিদপ্তরে যোগ দিয়ে ২০০১ সালে জ্যেষ্ঠ উপপ্রধান তথ্য অফিসার হিসেবে অবসর গ্রহণ করেন। গুরুতর অসুস্থ হওয়া পর্যন্ত তিনি লেখালেখির সঙ্গেই যুক্ত ছিলেন।
আজ দুপুরে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে স্ত্রীর কবরের পাশে তাঁকে সমাহিত করার কথা রয়েছে। তাঁর অনুবাদ করা বইগুলোর মধ্যে রয়েছে মির্জা গালিবের ‘দাস্তাম্বু: সিপাহি বিদ্রোহের রোজনামচা’, হেরমান হেসের ‘সিদ্ধার্থ’, কৃষণ চন্দরের ‘পেশোয়ার এক্সপ্রেস’, ‘চম্বল কি রানী’, সাদত হাসান মান্টোর ‘কাফনের জামা’ প্রভৃতি।