চলে গেলেন অভিমানী মেয়েটি...
‘পুরুষদের ও রকম একটু-আধটু থাকতে পারে।’ সদ্য বিবাহিত স্কুল ছাত্রী রিয়া আক্তার (১৮) বিয়ের পরপরই অন্য নারীর সঙ্গে স্বামীর সম্পর্কের বিষয়টি টের পান। এরপর তিনি বিষয়টি বাবা-মাকে জানালে তাঁরা এভাবেই তাঁকে সান্ত্বনা দেন। কিন্তু অভিমানী মেয়েটি মানতে পারেননি ‘পুরুষদের এ আচরণ’।বিয়ের ৪০ দিন পর গতকাল শুক্রবার দুপুরে মেয়েটির লাশ উদ্ধার করে পুলিশ। মেয়েটি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে তাঁর স্বামী পুলিশকে জানান। স্বামী মোহাম্মদ জাহিদকে আটক করেছে পুলিশ।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে মেয়েটির বাবা জাহাঙ্গীর কাজী প্রথম আলোকে বলেন, ‘আমার মেয়ে আত্মহত্যা করেছে না তাকে খুন করা হয়েছে, তা আমরা জানি না। তবে এ দুটোর যা-ই ঘটুক না কেন, তা হয়েছে জামাইয়ের (জাহিদের) বিবাহবহির্ভূত সম্পর্কের কারণে।’জাহাঙ্গীর কাজীর দুই মেয়ে ও এক ছেলের মধ্যে রিয়া দ্বিতীয়। রিয়া মানিকনগর আইডিয়াল উচ্চবিদ্যালয়ের এ বছরের এসএসসি পরীক্ষার্থী। ঢাকার মান্ডায় মা-বাবার সঙ্গে থাকতেন রিয়া। গত মাসে বিয়ের পর স্বামীর সঙ্গে মধ্য পাইকপাড়ায় একটি বাসায় থাকা শুরু করেন। এই বাসা থেকেই গতকাল তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।রিয়ার মা শামসুন্নাহার বলেন, ‘পরিবারের সিদ্ধান্তেই জাহিদের সঙ্গে বিয়ে হয় রিয়ার। অন্য মেয়ের সঙ্গে জাহিদের সম্পর্ক আছে, এটা বিয়ের পরই বুঝতে পারে রিয়া। বিষয়টি সে আমাদের জানায়।’জাহাঙ্গীর কাজী বলেন, ‘পরিবার থেকে আমরা বলি, একটু ধৈর্য ধরো, চুপ থাকো। পুরুষদের ও রকম থাকতে পারে। বিয়ে হয়ে গেছে, এখন আমরা আর কী বলতে পারি। মেয়েটাকে বোঝানোর চেষ্টা করেছি।’ তিনি বলেন, ‘বিয়ের সময় কথা ছিল ১০ লাখ টাকা যৌতুক দেওয়া হবে। দুই লাখ টাকাও দেওয়া হয়েছিল। বাকি আট লাখ টাকার জন্য জাহিদ নানাভাবে চাপ দিচ্ছিল। শুধু টাকার লোভেই রিয়াকে বিয়ে করেছিল জাহিদ।’জাহাঙ্গীর জানান, রিয়ার সঙ্গে তাঁর মায়ের সর্বশেষ কথা হয় গত বৃহস্পতিবার রাতে। তিনি রিয়াকে ফোন করে জামাইকে নিয়ে ছুটির দিনে বাসায় আসতে বলেন। তখন রিয়ার কণ্ঠে ছিল ক্ষোভ আর অভিমান। এরপর শামসুন্নাহার ফোনটা জাহিদকে দিতে বলেন। জাহিদকে তিনি অনুরোধ করেন শুক্রবার বাসায় আসার জন্য। কিন্তু জাহিদ কেনাকাটার ছুতায় তা এড়িয়ে যান।এরপর গতকাল সকাল নয়টার দিকে জাহিদ ফোন করে জানান, রিয়া আত্মহত্যা করেছে। তাঁরা এসে রিয়াকে বিছানায় শোয়ানো অবস্থায় দেখতে পান। রিয়ার পরিবারকে জাহিদ জানিয়েছেন, নাইলনের দড়ি দিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস দেয় রিয়া। পরে তাঁরা পুলিশে খবর দেন। পুলিশ জাহিদকে আটক করে নিয়ে যায়।মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী ওয়াজেদ আলী প্রথম আলোকে বলেন, জাহিদ পুলিশকে জানিয়েছেন, গতকাল সকালে রিয়াকে পড়তে বসতে বলায় তিনি ঘরের দরজা বন্ধ করে আত্মহত্যা করেন। তবে অন্য মেয়ের সঙ্গে জাহিদের সম্পর্কের তথ্য পেয়েছে পুলিশ। এটি হত্যা না আত্মহত্যা, তা খতিয়ে দেখা হচ্ছে।