চলে গেলেন আঞ্চলিক গানের কিংবদন্তি শিল্পী এম এন আখতার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘কইলজার ভিতর গাঁথি রাইখ্যম তোয়ারে’ কিংবা ‘যদি সুন্দর একখান মুখ পাইতাম’—এ রকম অসংখ্য কালজয়ী গানের স্রষ্টা এবং চট্টগ্রামের আঞ্চলিক গানের কিংবদন্তি গীতিকার, সুরকার ও শিল্পী এম এন আখতার আর নেই। গতকাল বুধবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তিনি ইন্তিকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। গত রোববার হাসপাতালে ভর্তি হওয়ার পর হূদেরাগ বিভাগের করোনারি কেয়ার ইউনিটে তিনি চিকিৎসাধীন ছিলেন।এম এন আখতারের বয়স হয়েছিল ৮১ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল সন্ধ্যায় আগ্রাবাদ সিজিএস কলোনি মাঠে জানাজা শেষে রাউজানের গ্রামের বাড়িতে তাঁকে দাফন করার কথা। এম এন আখতার ১৯৩২ সালে চট্টগ্রামের রাউজানে জন্মগ্রহণ করেন। লেখা ও সুর করার পাশাপাশি তিনি নিজে গাইতেনও। তিনি ১৯৬২ সালে কালুরঘাট বেতারকেন্দ্রের উদ্বোধনী আধুনিক গানের প্রথম শিল্পী। আঞ্চলিক গানের সম্রাজ্ঞী বলে পরিচিত শিল্পী শেফালী ঘোষের ওস্তাদ তিনি। তাঁর লেখা ও সুর করা গান গেয়েই মূলত শ্যামসুন্দর বৈষ্ণব ও শেফালী ঘোষ খ্যাতি পান। ‘বাচুরে ও বাছু... জি জি’ এর একটি। শ্যাম-শেফালী জুটির এসব গান এখনো বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের মানুষের মুখে মুখে ফেরে। শিল্পী আখতারের অনেক গান চলচ্চিত্রেও নেওয়া হয়েছে। ৩৫ বছর আগে গ্রামোফোন রেকর্ডে শিল্পী আখতার ও সাবিনা ইয়াসমিন গেয়েছিলেন ‘কইলজার ভিতর গাঁথি রাইখ্যম তোয়ারে’। পরে এই গানটি ব্যাপক জনপ্রিয়তা পায়। তবে বিরল প্রতিভাধর এম এন আখতার রয়ে গেছেন অপরিচয়ের অন্ধকারে। প্রায় দুই হাজার গানের গীতিকার এই শিল্পীর জোটেনি কোনো রাষ্ট্রীয় পুরস্কার। জীবদ্দশায় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন তাঁকে নানা পুরস্কার ও পদকে ভূষিত করলেও জাতীয় স্বীকৃতি তিনি পাননি।