চলে গেলেন আয়েশা ফয়েজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রত্নগর্ভা মা আয়েশা ফয়েজ
রত্নগর্ভা মা আয়েশা ফয়েজ

রত্নগর্ভা মা আয়েশা ফয়েজ আর নেই। গতকাল শনিবার সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। 
আয়েশা ফয়েজ প্রয়াত জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ, লেখক ও অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল এবং কার্টুনিস্ট ও রম্যলেখক আহসান হাবীবের মা। তাঁর তিন মেয়ে রয়েছেন।
মহান মুক্তিযুদ্ধে শহীদ হন মরহুমার স্বামী পুলিশ কর্মকর্তা ফয়জুর রহমান। স্বামীর মৃত্যুর পর অনেক কষ্ট করে তিনি ছয় ছেলেমেয়েকে লেখাপড়া শেখান।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর ও নেত্রকোনা-৩ আসনের সাংসদ ইফতিকার উদ্দিন তালুকদার। তাঁরা মরহুমার আত্মার চিরশান্তি কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়, গতকাল বাদ জোহর পল্লবীতে আহসান হাবীবের বাসার পাশের মসজিদে মরহুমার জানাজা অনুষ্ঠিত হয়। এরপর কফিন নিয়ে গ্রামের বাড়ি নেত্রকোনার মোহনগঞ্জের উদ্দেশে রওনা হন আত্মীয়স্বজন। রাত প্রায় নয়টায় সেখানে গিয়ে পৌঁছান। আজ রোববার সকাল ১০টায় দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে আয়েশা ফয়েজকে দাফন করা হবে।
১২ সেপ্টেম্বর গুরুতর অসুস্থ হয়ে পড়লে আয়েশা ফয়েজকে হাসপাতালে ভর্তি করা হয়। কিছুদিন ধরে তিনি কিডনিসহ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। গতকাল মৃত্যুর সময় হাসপাতালে তাঁর পাশে ছিলেন মুহম্মদ জাফর ইকবাল ও আহসান হাবীব।
আয়েশা ফয়েজের জন্ম ১৯৩০ সালের ২৩ মার্চ। ১৯৪৪ সালে পুলিশ কর্মকর্তা ফয়জুর রহমান আহমেদের সঙ্গে তাঁর বিয়ে হয়।
জীবন যে রকম নামে একটি আত্মজীবনীমূলক বই রয়েছে আয়েশা ফয়েজের। এতে তিনি নিজের বেড়ে ওঠা, বিয়ে, ছেলেমেয়েদের জন্ম, মুক্তিযুদ্ধে স্বামীর শহীদ হওয়া এবং পরবর্তী সময়ে ছয় সন্তানকে নিয়ে জীবনসংগ্রামের নানা দিক তুলে ধরেন।