চলে গেলেন আলোর দিশারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিচারপতি হাবিবুর রহমান
বিচারপতি হাবিবুর রহমান

বাংলাদেশের আত্মপরিচয়ের সংগ্রামের অগ্রণী যোদ্ধা এবং রাষ্ট্রনৈতিক সংকটের ভরসাস্থল বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান চলে গেলেন পৃথিবী থেকে চিরবিদায় নিয়ে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর; কিন্তু অসামান্য প্রজ্ঞা, অপরিমেয় আশাবাদ ও সক্রিয় মনের অধিকারী এই কীর্তিমান ব্যক্তি এ জাতিকে আরও বহু কিছু উপহার দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন।
গতকাল শনিবার সন্ধ্যা পর্যন্ত শারীরিকভাবে সুস্থ মুহাম্মদ হাবিবুর রহমান রাত নয়টায় বিবিসির খবর শোনার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। গুলশানের বাসা থেকে তাঁকে দ্রুত নিয়ে যাওয়া হয় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে। হাসপাতালের সূত্র থেকে জানা গেছে, সেখানে পৌঁছার আগেই তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর শ্যালক আলী ইফতিয়ার চৌধুরী জানিয়েছেন, হাবিবুর রহমানের মার্কিন-প্রবাসী মেয়ে নুসরাত হাবিব আগামীকাল ভোরে ঢাকায় এসে পৌঁছলে মরহুমের দাফন সম্পন্ন হবে। সে পর্যন্ত তাঁর মরদেহ রাখা হবে ইউনাইটেড হাসপাতালের হিমঘরে। কাল সকাল ১০টায় জাতির শ্রদ্ধা নিবেদনের জন্য তাঁর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে যাওয়া হবে। তারপর দুপুর ১২টায় তাঁর মরদেহ নিয়ে যাওয়া হবে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে। তাঁর জানাজা অনুষ্ঠিত হবে জোহরের নামাজের পরে, গুলশানের আজাদ মসজিদে।
বাঙালির ইতিহাসের উচ্চতম আকাঙ্ক্ষা, বিচারক-জীবনের ভারসাম্যপূর্ণ মানস, জ্ঞানের বিভিন্ন শৃঙ্খলার প্রতি অদম্য কৌতূহল মুহাম্মদ হাবিবুর রহমানের চরিত্রে এক সুসমন্বিত রূপ নিয়েছিল। তিনি ছিলেন ধর্মপ্রাণ, কিন্তু অসাম্প্রদায়িক। বিভিন্ন বিষয়ে নিজের মতামত থাকলেও তাঁর ঔৎসুক্য ছিল বিচিত্র মত ও পথে। গণতন্ত্রের জন্য তাঁর তৃষ্ণা ছিল অপার। তিনি বিশ্বাস করতেন এবং তাঁর বিভিন্ন বক্তৃতায় বলতেন, সোনার বাংলা অপ্রাপণীয় নয়। বিভিন্ন রাজনৈতিক সংকটে দেওয়া তাঁর অন্তর্দৃষ্টিময় মন্তব্যের জন্য জাতি তাঁকে অভিভাবকের আসন দিয়েছিল।
শিক্ষাসনদে হাবিবুর রহমানের জন্মতারিখ ১ মে ১৯৩০ হলেও তাঁর জন্ম হয়েছিল ১৯২৮ সালের ৩ ডিসেম্বর। ভারতের মুর্শিদাবাদ জেলার জঙ্গীপুরের দায়রামপুর গ্রামে জন্ম হয় এবং শৈশব ও কৈশোরকাল কাটে। পূর্ববাংলায় আসার পরে এ দেশের ইতিহাসের সঙ্গে তাঁর জীবন ওতপ্রোত হয়ে যায়। তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের ছাত্র।
১৯৫১ সালে প্রথম শ্রেণীতে স্নাতকোত্তর করার পরের বছরই তিনি ঝাঁপিয়ে পড়েন ভাষা আন্দোলনে। বায়ান্নর একুশে ফেব্রুয়ারিতে পাকিস্তান সরকারের ১৪৪ ধারা জারির পর ছাত্রদের যে খণ্ড খণ্ড মিছিল বেরোয়, তার একটিতে তিনি নেতৃত্ব দেন।
শিক্ষার্থী হিসেবে মুহাম্মদ হাবিবুর রহমানের কৃতিত্ব অসাধারণ। ইতিহাসের ছাত্র হয়েও তিনি ১৯৫৫ সালে এলএলবি পড়েন। এর পর লন্ডনের অক্সফোর্ডে গিয়ে আবার ১৯৫৮ সালে ইতিহাসের স্নাতক ও ১৯৬২ সালে স্নাতকোত্তর ডিগ্রি নেন। এর ঠিক পরের বছর লিংকনস ইন থেকে ব্যারিস্টার হন।
মুহাম্মদ হাবিবুর রহমান আনুষ্ঠানিক কর্মজীবন শুরু করেছিলেন শিক্ষকতা দিয়ে। ১৯৫২ সালে তিনি প্রভাষক হিসেবে যোগ দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে, এর পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। পাঁচ বছর শিক্ষকতার পর পেশা বদলে হন আইনজীবী। ১৯৭৬ সালের ৮ মে-তে হাইকোর্টের বিচারপতি হিসেবে যোগ দেন। নিজের মেধা ও সৃজনশীলতায় ধীরে ধীরে আরোহণ করেন কর্মজীবনের শীর্ষে। ১৯৯৫ সালের ১ ফেব্রুয়ারি বৃত হন প্রধান বিচারপতি হিসেবে।
বাংলাদেশের অবিশ্বাসের রাজনীতির প্রেক্ষাপটে সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারপদ্ধতি প্রবর্তিত হয়। ১৯৯৬ সালের নির্বাচনে মুহাম্মদ হাবিবুর রহমান বাংলাদেশের প্রথম তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে সুচারুভাবে তাঁর দায়িত্ব পালন করেন। এ দায়িত্ব পালনকালে সেনাবাহিনীর তৎকালীন প্রধান লেফটেন্যান্ট জেনারেল আবু সালেহ মোহাম্মদ নাসিম বিদ্রোহ করলে জাতির উদ্দেশে এক নেতাসুলভ প্রজ্ঞাপূর্ণ ভাষণের মাধ্যমে জাতিকে সুসংবদ্ধ ও পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রাখেন।
মননশীল লেখক হিসেবে মুহাম্মদ হাবিবুর রহমানের আগ্রহ ও দখল ছিল বিচিত্র বিষয়ে। পবিত্র কোরআন শরিফের কাব্যময় অনুবাদ করেছিলেন তিনি। রবীন্দ্রনাথ ঠাকুর ছিল তাঁর গবেষণার অন্যতম বিষয়। বাংলাদেশের ইতিহাস নিয়ে লিখেছেন গঙ্গাঋদ্ধি থেকে বাংলাদেশ। তাঁর গভীর আগ্রহ ছিল অভিনব ধরনের অভিধান প্রণয়নে। বাংলা ভাষার একই ভাবধারার শব্দ নিয়ে রচিত তাঁর অভিধান যথাশব্দ দেশে-বিদেশে গুণীজনদের সমীহ অর্জন করে। কোরআন শরিফের বিষয়ভিত্তিক উদ্ধৃতি নিয়ে প্রকাশ করেন কোরানসূত্র। বিভিন্ন বিষয়ে লেখা তাঁর মোট বইয়ের সংখ্যা ৭০টিরও বেশি। গবেষণায় কৃতিত্বের জন্য ১৯৮৪ সালে তিনি বাংলা একাডেমি পুরস্কার পান। ২০০৭ সালে ভূষিত হন একুশে পদকে। এ ছাড়া তিনি আরও বহু পুরস্কার ও সম্মাননা পেয়েছেন।
মুহাম্মদ হাবিবুর রহমান তাঁর স্ত্রী ইসলামা রহমান ও তিন মেয়ে রুবাবা রহমান, নুসরাত হাবিব, রওনাক শিরিন এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

শোক: বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমানের মৃত্যুতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গভীর শোক প্রকাশ করেছেন। গতকাল পৃথক শোকবার্তায় তাঁরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।