চলে গেলেন কৃষি অর্থনীতি গবেষণার পথিকৃৎ মাহবুব হোসেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাহবুব হোসেন
মাহবুব হোসেন

অর্থনীতিবিদ মাহবুব হোসেন (৭১) আর নেই। বাংলাদেশ সময় গত রোববার দিবাগত রাত পৌনে তিনটায় যুক্তরাষ্ট্রের ক্লেভেল্যান্ড ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। রিডো বাইপাস সার্জারি ও ভাল্ভ পরিবর্তনের জন্য প্রায় এক মাস আগে সেখানে ভর্তি হন তিনি। চিকিৎসাধীন অবস্থাতেই মারা যান দেশের কৃষি ও খাদ্যনিরাপত্তা বিষয়ে দীর্ঘদিন ধরে গবেষণা করে যাওয়া এই অর্থনীতিবিদ।
মৃত্যুর আগে মাহবুব হোসেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ও সামাজিক বিজ্ঞান বিভাগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে তিনি ব্র্যাকের নির্বাহী পরিচালকের উপদেষ্টা, নির্বাহী পরিচালক, আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউটের (ইরি) সামাজিক গবেষণা বিভাগের পরিচালক ও বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) মহাপরিচালকের দায়িত্ব পালন করেন।
মাহবুব হোসেনের পারিবারিক সূত্রে জানা গেছে, আগামী বৃহস্পতিবার তাঁর মরদেহ দেশে আসার কথা রয়েছে। তবে তাঁকে ঢাকায় না তাঁর গ্রামের বাড়ি চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কাপাশডাঙ্গা গ্রামে কবর দেওয়া হবে, সেই সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি।
এ ব্যাপারে মাহবুব হোসেনের ছোট ভাই ইফতেখার হোসেন গতকাল প্রথম আলোকে বলেন, তাঁর মরদেহ বাংলাদেশে দ্রুত আনার ব্যাপারে চেষ্টা করা হচ্ছে। দেশে আনার পর তাঁর পরিবারের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে কোথায় তাঁকে দাফন করা হবে।
মাহবুব হোসেন স্ত্রী পারভিন হোসেন, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। তাঁর ছেলে তানভীর হোসেন যুক্তরাষ্ট্রের ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট, বড় মেয়ে শাওন হোসেন বায়োটেকনোলজিস্ট ও ছোট মেয়ে শারমিন ব্র্যাক ইপিএলের পরিচালক হিসেবে কর্মরত।
বাবা ডা. কোবাদ আলী মালিতা ও মা ফাতেমা জোহরার ঘরে ১৯৪৫ সালে ভারতের নদীয়া জেলায় জন্ম নেন মাহবুব হোসেন। সেখান থেকে স্নাতক পাস করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতকোত্তর ও যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি। পাঁচ ভাই ও ছয় বোনের মধ্যে মাহবুব হোসেন দ্বিতীয়।
২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত এশিয়ান সোসাইটি ফর এগ্রিকালচার ইকোনমিস্ট-এর নির্বাচিত সভাপতি হয়েছিলেন অধ্যাপক মাহবুব হোসেন। এ ছাড়া তিনি বিশ্বব্যাংকের গ্লোবাল নলেজ অ্যাডভাইজরি কমিশনের সদস্য, বাংলাদেশ সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ট্রাস্টি বোর্ডের সদস্য এবং খাদ্যনিরাপত্তা-বিষয়ক বেশ কয়েকটি আন্তর্জাতিক সংস্থার পরামর্শক হিসেবেও কাজ করেছেন।
১৯৯১ সালের প্রথম তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশের উন্নয়ন-বিষয়ক যে টাস্কফোর্স গঠন করেছিল, মাহবুব হোসেন তার দারিদ্র্য বিমোচন-বিষয়ক কমিটির সভাপতি ছিলেন।
ফরেন পলিসি (এফটি) ২০১৩ সালে বিশ্বের ৫০০ জন প্রভাবশালী ব্যক্তির যে তালিকা প্রকাশ করে, তাতে মাহবুব হোসেনের নাম অন্তর্ভুক্ত হয়। বিশ্বের খাদ্যনিরাপত্তা এবং কৃষি উৎপাদন বিষয়ে অন্যতম প্রভাবশালী ব্যক্তি হিসেবে তাঁকে চিহ্নিত করে। খাদ্যনীতি-বিষয়ক আন্তর্জাতিক সংস্থা ইফপ্রি, ইরি, এফএও থেকে তাঁর গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। এ পর্যন্ত তাঁর একক ও যৌথভাবে মোট ১২টি বই এবং ২০০ এর মতো প্রবন্ধ আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে।
বাংলাদেশের সবুজ বিপ্লবের প্রভাব, সেচপাম্পের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি, গ্রামীণ অর্থনীতির পরিবর্তন নিয়ে একাধিক গবেষণাধর্মী বই এবং গবেষণা প্রবন্ধ লিখেছেন মাহবুব হোসেন। ১৯৭৩ সাল থেকে দেশের ৬৫টি গ্রামের পরিবর্তন বিষয়ে মাহবুব হোসেন একটি চলমান গবেষণার নেতৃত্ব দিচ্ছিলেন। বাংলাদেশ ও বিশ্বের চাল উৎপাদন এবং চালের অর্থনীতি নিয়ে তিনি নিয়মিত গবেষণা করছিলেন।
মাহবুব হোসেনের মৃত্যুতে ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন স্যার ফজলে হাসান আবেদ বলেন, ‘উন্নয়নসংক্রান্ত ইস্যুতে বিশ্বের যে মুষ্টিমেয় কয়েকজনের সুগভীর ধারণা ছিল, ড. মাহবুব হোসেন ছিলেন তাঁদের অন্যতম। সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে তাঁর জীবনটাই ছিল এক সাফল্যগাথা।’
শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ, গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, অর্থনীতি ও কৃষি গবেষণায় তাঁর অবদান ছিল মৌলিক ও সুদূরপ্রসারী। মাহবুব হোসেনের মৃত্যু শুধু দেশের জন্য নয়, বিশ্বের জন্য এবং কৃষি গবেষণাবিদদের জন্যও একটি অপূরণীয় ক্ষতি।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান বলেছেন, কৃষি অর্থনীতির গবেষণায় মাহবুব হোসেন ছিলেন অদ্বিতীয়।
এ ছাড়া শোক প্রকাশ করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ, সালেহউদ্দিন আহমেদ, হোসেন জিল্লুর রহমান, এস আর ওসমানী, রিজওয়ানুল ইসলাম, আতিকুর রহমান, সুলতান হাফিজ রহমান, বিনায়ক সেন, অশ্বিনী শেথ, অজিত ঘোষ, দেবপ্রিয় ভট্টাচার্য, মোস্তাফিজুর রহমান, জাফরুল্লাহ চৌধুরী, সৈয়দ হাশমী, শিরিন হক প্রমুখ।