চলে গেলেন গেরিলা যোদ্ধা শহীদুল হক মামা

কাতারে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন মুক্তিযুদ্ধকালে মামা গেরিলা বাহিনীর প্রধান সুইডেনপ্রবাসী বীর মুক্তিযোদ্ধা শহীদুল হক (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল শুক্রবার দুপুরের পর তিনটা ২১ মিনিটে তাঁর মৃত্যু হয় বলে জানিয়েছে হাসপাতাল সূত্র।
কাতারে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত আসুদ আহমদ প্রথম আলোকে বলেন, আমরা আজ (শনিবার) জানতে পেরেছি। এই মুহূর্তে আমরা হাসপাতালে আছি। লাশ কোথায় পাঠানো হবে, সে ব্যাপারে মরহুমের পরিবার এখনো সিদ্ধান্ত নিতে পারেননি। যেখানেই পাঠানো হোক, আমরা সব ধরনের সহযোগিতা করছি’।
শহীদুল হকের (৬৪) ছেলে শুভ প্রথম আলোকে বলেন, ‘বাবার লাশ কোথায় দাফন করা হবে, সেটি নিয়ে আমরা সিদ্ধান্ত এখনো নিইনি। আব্বা দেশের জন্য জীবনবাজি রেখে যুদ্ধ করেছেন, সারাটা জীবন দেশের জন্য উন্মুখ হয়ে ছিলেন, সুইডেনের চেয়ে দেশে থাকতে ভালোবাসতেন তিনি, এসব বিবেচনায় দেশে দাফন করা উপযুক্ত। কিন্তু আমার ছোট ভাইয়ের মৃত্যুর পর তাকে সুইডেনে দাফন করেছিলাম, আমরা চাই আমাদের সবার কবর একই সঙ্গে থাকুক, তাই আমরা সুইডেনে নিতে চাই। আমরা যেহেতু সেখানে থাকি, তাই সুইডেনে লাশ দাফন হলে আমাদের কাছাকাছি থাকবেন বাবা।’
২৮ এপ্রিল ঢাকা থেকে কাতার এয়ারওয়েজে স্টকহোমে যাত্রাকালে তিনি হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অসুস্থ হয়ে পড়েন। ২৯ এপ্রিল তাকে কাতারের আলওয়াকরা এলাকায় হামাদ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তিনি কিডনি ও হার্ট সমস্যায় ভুগছিলেন। ৪ মে তিনি কোমায় চলে যান। শহীদুল হকের স্ত্রী এক মাস কাতারে অবস্থানের পর জুন মাসের শুরুতে সুইডেনে ফিরে যান।
মুক্তিযুদ্ধকালে ২ নম্বর সেক্টরের মেলাঘর ইউনিটের প্রধান শহীদুল হক সে সময় বিহারিদের দখলে থাকা দুর্ভেদ্য ঘাঁটি মিরপুর মুক্ত করেন।
একাত্তরের এই গেরিলা যোদ্ধা মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে করা মামলায় রাষ্ট্রপক্ষের দ্বিতীয় সাক্ষী ছিলেন।
গণজাগরণ মঞ্চ এই মুক্তিযোদ্ধার মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।