চলে গেলেন চাষী নজরুল ইসলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাষী নজরুল ইসলাম
চাষী নজরুল ইসলাম

স্বাধীনতার পর মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম পূর্ণাঙ্গ চলচ্চিত্র ওরা ১১ জন নির্মাণ করে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছিলেন। অমর কথাশিল্পী শরৎচন্দ্রের দেবদাস উপন্যাস অবলম্বনে দেবদাস সিনেমা করে সাহিত্যভিত্তিক চলচ্চিত্রেরও সার্থক রূপকার তিনি। সংগ্রাম, শুভদা, হাঙর নদী গ্রেনেড, পদ্মা মেঘনা যমুনা, হাছন রাজার মতো জীবনমুখী আরও বেশ কিছু চলচ্চিত্র নির্মাণ করে এ দেশের চলচ্চিত্রপ্রেমীদের মনের মণিকোঠায় স্থান করে নিয়েছিলেন, স্বীকৃতিস্বরূপ পেয়েছেন একুশে পদক ও জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এই গুণী চলচ্চিত্র নির্মাতা চাষী নজরুল ইসলাম ইহজগতের মায়া ত্যাগ করে চলে গেছেন। গতকাল রোববার ভোর পাঁচটা ৫১ মিনিটে তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
খ্যাতিমান এই চলচ্চিত্র নির্মাতা রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছরের কিছু বেশি। তিনি স্ত্রী, দুই মেয়ে, ছয় নাতিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বাংলা চলচ্চিত্রের অন্যতম এই অভিভাবকের মৃত্যুতে চলচ্চিত্র ও সংস্কৃতি অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইংয়ের মাধ্যমে পাঠানো বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেন, চাষী নজরুল ইসলাম মুক্তিযুদ্ধভিত্তিক ও জীবনমুখী চলচ্চিত্র নির্মাণের মাধ্যমে দেশের মানুষের মনে স্থান করে নিয়েছেন। তাঁর মৃত্যুতে দেশের চলচ্চিত্র জগতে যে ক্ষতি হলো, তা পূরণ হওয়ার নয়। শোক প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। এক শোকবার্তায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা িজয়া বলেন, একজন গুণী ও মেধাসম্পন্ন চলচ্চিত্র পরিচালক হিসেবে চাষী নজরুল ইসলাম যে কৃতিত্ব ও সুনাম অর্জন করেছিলেন, তা অবিস্মরণীয় হয়ে থাকবে। এ ছাড়া শোক জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, তথ্যসচিব মরতুজা আহমদসহ নানা ব্যক্তি ও সংগঠন।
বেশ কিছুদিন ধরেই দুরারোগ্য অসুখে ভুগছিলেন চাষী নজরুল ইসলাম। গত শনিবার সকাল থেকে ছিলেন ‘লাইফ সাপোর্টে’। তাঁর ছোট মেয়ে আন্নী ইসলাম প্রথম আলোকে জানান, গতকাল চাষী নজরুল ইসলামের মরদেহ হাসপাতাল থেকে প্রথমে রাজধানীর কমলাপুরের কবি জসীমউদ্দীন রোডের বাসায় নেওয়া হয়। সেখানে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে বাদ জোহর গোপীবাগ জামে মসজিদে ও কমলাপুর ইডেন জামে মসজিদে জানাজা অনুষ্ঠিত হয়। ব্রাদার্স ইউনিয়ন মাঠেও জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তাঁর মরদেহ নিয়ে রাখা হয় ল্যাবএইড হাসপাতালের হিমঘরে।
আন্নী ইসলাম জানান, আজ সোমবার সকাল ১০টায় চাষী নজরুল ইসলামের মরদেহ নেওয়া হবে তাঁর দীর্ঘদিনের কর্মস্থল এফডিসিতে। সেখানে শ্রদ্ধা নিবেদন ও জানাজা শেষে বাদ জোহর নিয়ে যাওয়া হবে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে। সেখানেও আরেকবার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বিকেলে মুন্সিগঞ্জের শ্রীনগর থানার সমষপুর গ্রামে চাষী নজরুলকে তাঁর মা শায়েস্তা খানমের কবরে চিরনিদ্রায় শায়িত করা হবে।
চাষী নজরুল ১৯৪১ সালের ২৩ অক্টোবর শ্রীনগর থানার সমষপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৫৫ সালে ভারতের জামশেদপুরের টাটানগরে নির্মিত একটি প্রামাণ্যচিত্রে প্রথম অভিনয় করেন প্রখ্যাত এই নির্মাতা। ১৯৬০ সালে ফতেহ লোহানীর সঙ্গে আসিয়া ছবিতে সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু করেন। এরপর কাজ করেন ওবায়েদ উল হকসহ আরও অনেকের সঙ্গে। অভিনয়ও করেন কয়েকটি ছবিতে। ১৯৭২ সালে পরিচালনা করেন বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম পূর্ণাঙ্গ ছবি ওরা ১১ জন। চাষী নজরুল ইসলাম সব মিলিয়ে ৩৫টির মতো ছবি নির্মাণ করেছেন।