চলে গেলেন চ্যালেঞ্জার
টিভি ও চলচ্চিত্র অভিনেতা তোফাজ্জেল হোসেন সাদিক ওরফে চ্যালেঞ্জারের শেষবিদায় হলো অনেকটা নীরবে। গতকাল বুধবার শহীদ মিনারে তাঁর লাশ আনা হয় বেলা পৌনে ১১টায়। সেখানে তাঁকে শেষবারের মতো দেখতে যান পীযূষ বন্দ্যোপাধ্যায়, তুষার খান, সৈয়দ হাসান ইমাম, জয়ন্ত চট্টোপাধ্যায়, উত্তম গুহ, চিত্রলেখা গুহ, আহসান হাবিব নাসিম, এজাজুল ইসলাম প্রমুখ।শহীদ মিনারে এক ঘণ্টা রেখে জানাজা শেষে মরদেহ নানির বাড়ি ধামরাইয়ের পাইকপাড়ায় আনা হয়। সেখানে বাদ আসর দ্বিতীয় জানাজা শেষে মায়ের কবরের পাশে তাঁকে দাফন করা হয়।জনপ্রিয় অভিনেতা চ্যালেঞ্জার ১২ অক্টোবর রাত নয়টা ২০ মিনিটে মারা যান। তাঁর বয়স হয়েছিল ৫১ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে ও বহু গুণগ্রাহী রেখে গেছেন। দীর্ঘদিন ধরে তিনি মস্তিষ্কের ক্যানসারে ভুগছিলেন।টিভি নাটকে চ্যালেঞ্জারের আগমন নির্মাতা হুমায়ূন আহমেদের হাবলঙ্গের বাজার নাটক দিয়ে। তাঁর উল্লেখযোগ্য নাটকগুলো হলো—রাঙা বাবুর বিয়ে, গরুচোর, উড়ে যায় বকপক্ষী, বৃক্ষমানব, শওকত সাহেবের গাড়ি কেনা, যমুনার জল দেখতে কালো, চন্দ্রকারিগর, গনি সাহেবের শেষ কিছুদিন, কালা কইতর ইত্যাদি। অভিনীত চলচ্চিত্রের মধ্যে হুমায়ূন আহমেদের শ্যামল ছায়া, শহীদুল ইসলাম খোকনের লাল সবুজ এবং আমজাদ হোসেনের কাল সকালে উল্লেখযোগ্য।