জার্মানিতে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ ও বাঙালিদের সুহৃদ সুনীল দাশগুপ্ত চলে গেলেন। গত ৮ জানুয়ারি তিনি ৮৭ বছর বয়সে পরলোকগমন করেন।
অত্যন্ত সাদাসিধা নির্লোভ অমায়িক আর সবাইকে ভালোবাসতে পারা সুনীল দাশগুপ্ত ছিলেন জার্মানিতে বসবাসরত বাঙালিদের অতি কাছের ‘সুনীল দা’। মৃত্যুকালে তিনি সাংবাদিক লেখিকা বাংলা ভাষায় পারঙ্গম স্ত্রী বারবারা দাশগুপ্ত, দুই সন্তান অসীম ও জুলিয়ান দাশগুপ্ত আর তাঁর অসংখ্য গুণমুগ্ধ রেখে গেছেন।
বার্লিনের উলান্ড স্ট্রাসের হিন্দুস্তান হাউসের প্রেক্ষাপটে লেখা সৈয়দ মুজতবা আলীর বিখ্যাত চাচা কাহিনী বইয়ের চাচা নলিনী গুপ্ত ছিলেন সুনীল দাশগুপ্তের আপন চাচা। নলিনী গুপ্ত ছিলেন হিন্দুস্তান হাউসের কর্ণধার। চাচার সূত্র ধরেই সেই ১৯৬১ সালে তাঁর পূর্ব বার্লিনে আসা।
সুনীল দাশগুপ্তর জন্ম ১৯২৮ সালের ২৭ ডিসেম্বর, ঝালকাঠির বেল্দাখান গ্রামে। আজীবন সমাজতান্ত্রিক এই মানুষটি একসময় কলকাতার ভারতীয় কমিউনিস্ট পার্টির সঙ্গে যুক্ত ছিলেন। পূর্ব জার্মানিতে এসেও যুক্ত হয়েছিলেন এখানকার কমিউনিস্ট পার্টির সঙ্গে। তবে বুকে সব সময় লালিত ছিল জন্মভূমির অদৃশ্য এক টান।
১৯৭১ সালে মধ্য ইউরোপের দেশগুলোতে যখন বাংলাদেশের মুক্তিযুদ্ধকে সমর্থনের ব্যাপারে ততটা জনমত গড়ে ওঠেনি, তখন একাত্তরের জুন মাসে নিজের কর্মস্থল ইলেকট্রিক কোম্পানিতে জার্মান ও অন্যান্য বিদেশি অতিথির সহযোগিতায় সাংস্কৃতিক অনুষ্ঠনের আয়োজন করে মুক্তিযুদ্ধের জন্য অর্থ সংগ্রহ করেছিলেন।
মুক্তিযুদ্ধের পরপরই বাংলাদেশ থেকে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের একটি দল মেজর আমিন আহমদ চৌধুরীর নেতৃত্বে চিকিৎসার জন্য পূর্ব বার্লিনের পাঙ্কোভ বুখ ক্লিনিকুম হাসপাতলে আসে। বিদেশে মানসিকভাবে ভেঙে পড়া এই বীর মুক্তিযোদ্ধাদের পাশে গিয়ে দাঁড়ান সুনীল দাশগুপ্ত ও তাঁর জার্মান স্ত্রী বারবারা দাশগুপ্ত। এ ছাড়া স্বাধীনতার পরে পূর্ব বার্লিনে আসা সাংবাদিক ও শিক্ষার্থীরা পেয়েছেন তাঁদের সহযোগিতা।
স্বাধীনতার পর তিনি বেশ কয়েকবার বাংলাদেশে এসেছেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির অফিসে এসেছেন এবং যোগাযোগ রেখেছেন বাম নেতাদের সঙ্গে।
২০১২ সালে বাংলাদেশ সরকার মুক্তিযুদ্ধে সহায়তা করার জন্য প্রবাসী বন্ধুদের যে সম্মাননা দিয়েছে, তাতে জার্মানির চারজন—পূর্ব জার্মানের চ্যান্সেলর এরিখ হোনিকার, পশ্চিম জার্মানির চ্যান্সেলর উইলি ব্রান্ট এবং বার্লিনের সুনীল দাশগুপ্ত ও বারবারা দাশগুপ্ত এই সম্মাননা পান।