
চলে গেলেন আওয়ামী লীগের দুর্দিনের কান্ডারি, দেশের বর্ষীয়ান রাজনীতিক এবং মুক্তিযুদ্ধের সংগঠক সৈয়দা জোহরা তাজউদ্দীন। গতকাল শুক্রবার সকাল ১০টা ২০ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল প্রায় ৮১ বছর।
জোহরা তাজউদ্দীন মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের স্ত্রী। তিনি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীতে নামের উচ্চক্রমানুসারে প্রথম সদস্য ছিলেন। মুক্তিযুদ্ধকালে স্বামী তাজউদ্দীন আহমদকে শক্তি ও প্রেরণা জুগিয়েছেন তিনি।
মরহুমার চার ছেলেমেয়ে শারমিন আহমদ, সিমিন হোসেন রিমি, মাহজাবিন আহমদ ও তানজিম আহমদ সোহেল তাজ। সিমিন হোসেন রিমি বর্তমানে জাতীয় সংসদ সদস্য এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য। সোহেল তাজ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন।
জোহরা তাজউদ্দীনের মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। তাঁর মৃত্যুতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া, স্পিকার শিরীন শারমিন চৌধুরী পৃথক বিবৃতিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
গতকাল দুই দফা জানাজার পর জোহরা তাজউদ্দীনের মরদেহ ইউনাইটেড হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। মরহুমার একমাত্র ছেলে সোহেল তাজ বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন। তিনি কাল রোববার সকাল নয়টায় দেশে পৌঁছাবেন। ওই দিন বনানী কবরস্থানে স্বামীর কবরের পাশে তাঁকে দাফন করা হবে। তবে পরিবারের পক্ষ থেকে গতকাল পর্যন্ত দাফনের সময় বলা হয়নি।
জোহরা তাজউদ্দীনের মৃত্যুর খবর পাওয়ার পরপরই প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বঙ্গবন্ধুর অপর কন্যা শেখ রেহানা ইউনাইটেড হাসপাতালে ছুটে যান। তাঁরা বেশ কিছু সময় সেখানে অবস্থান করেন। প্রধানমন্ত্রী জোহরা তাজউদ্দীনের মরদেহের পাশে দাঁড়িয়ে দোয়া পড়েন এবং পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী ও আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা তোফায়েল আহমেদ।
পরে আবেগাপ্লুত প্রধানমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘তাঁর মৃত্যুতে কোনো দলের নয়, পুরো দেশের অপূরণীয় ক্ষতি হলো। আর আমি একজন আপনজনকে হারালাম।’
জোহরা তাজউদ্দীনের প্রথম জানাজা হয় বাদ আসর গুলশান আজাদ মসজিদে। আওয়ামী লীগের নেতা-কর্মীসহ নানা শ্রেণী-পেশার মানুষ জানাজায় অংশ নেন। জানাজা শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘উনি দেশের প্রতিটি মানুষের শুভ কামনা করতেন। বিশেষ করে কৃষক শ্রমিক মেহনতি মানুষের প্রতি তাঁর দরদ ছিল অপরিসীম।’ জ্যেষ্ঠ নেতা তোফায়েল আহমেদ বলেন, ‘জোহরা তাজউদ্দীন যত দিন পর্যন্ত সুস্থ ছিলেন, তত দিন পর্যন্ত তিনি সংগঠনের জন্য কাজ করেছেন। তিনি দলের আহ্বায়ক হিসেবে দেশের সব জেলা সফর করে দলকে সংগঠিত করেছেন।’
আজাদ মসজিদ থেকে মরহুমার কফিন বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে নেওয়া হয়। সেখানে দলসহ সর্বস্তরের মানুষ তাঁর প্রতি শ্রদ্ধা জানান। প্রধানমন্ত্রী বিকেলে কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর তিনি আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা জানান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন দলীয় সৈয়দ আশরাফুল ইসলাম, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদসহ কেন্দ্রীয় নেতারা। এরপর দলের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মীরা পুষ্পস্তবক অর্পণ করেন। বাদ মাগরিব সেখানে দ্বিতীয় দফা জানাজা হয়। জানাজা শেষে কফিন ইউনাইটেড হাসপাতালের হিমঘরে রাখা হয়।
সৈয়দা জোহরা তাজউদ্দীনের সবচেয়ে বড় কীর্তি পঁচাত্তর-পরবর্তী আওয়ামী লীগকে পুনরুজ্জীবিত ও সংগঠিত করা। ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে বঙ্গবন্ধু এবং ৩ নভেম্বর জেলখানায় সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদসহ জাতীয় চার নেতার হত্যাকাণ্ডের পর চরম বিপর্যয়ে পড়ে আওয়ামী লীগ। এ সময় তিনি ঘরের চার দেয়াল থেকে বেরিয়ে দলের চরম দুর্দিনে ত্রাতার ভূমিকায় আবির্ভূত হন। ১৯৭৭ সালে তিনি আওয়ামী লীগের আহ্বায়কের দায়িত্ব নেন। অসাধারণ দক্ষতায় তিনি দলকে সংগঠিত ও ঐক্যবদ্ধ করেন। দলের তৃণমূল পর্যায়ে মনোবল ফিরিয়ে আনতে তিনি সারা দেশ সফর করেন। দেশের সেই ক্রান্তিলগ্নে তাঁর অবদান সর্বজনস্বীকৃত।
জীবনী: সৈয়দা জোহরা তাজউদ্দীনের জন্ম ১৯৩২ সালের ২৪ ডিসেম্বর, ঢাকায়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে পড়াশোনা করেন। ষাটের দশকে আইয়ুববিরোধী আন্দোলনে তিনি সক্রিয়ভাবে অংশ নেন। ১৯৬৮ সালে তিনি রাজবন্দী সাহায্য কমিটির যুগ্ম আহ্বায়ক ছিলেন। জোহরা তাজউদ্দীন স্বাধীনতার পর বাংলাদেশ মহিলা পরিষদের সহসভানেত্রী হিসেবে দীর্ঘদিন সক্রিয়ভাবে দায়িত্ব পালন করেন। ১৯৭৭ সালে তিনি আওয়ামী লীগের আহ্বায়ক নির্বাচিত হন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি দলের সভাপতিমণ্ডলীর সদস্য ছিলেন। ১৯৫৯ সালের ২৬ এপ্রিল তাজউদ্দীন আহমদের সঙ্গে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হন।
জোহরা তাজউদ্দীন বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন ধরেই শয্যাশায়ী ছিলেন। কিছুদিন আগে পড়ে গিয়ে তাঁর কোমরের হাড় ভেঙে যায়। পরে তাঁকে দিল্লিতে চিকিৎসার জন্য নেওয়া হয়। ১৭ ডিসেম্বর তাঁর ইচ্ছায় তাঁকে দেশে নিয়ে আসা হয়। পরে তাঁকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।
শোক: রাষ্ট্রপতি শোকবার্তায় বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জাতীয় চার নেতার নির্মম হত্যাকাণ্ডের পর জোহরা তাজউদ্দীন রাজনৈতিক কর্মী ও সংগঠক হিসেবে যে বলিষ্ঠ ভূমিকা পালন করেন, জাতি তা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
প্রধানমন্ত্রী শোকবার্তায় দেশের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে জোহরা তাজউদ্দীনের অমূল্য অবদানের কথা স্মরণ করেন।
বিরোধীদলীয় নেতা শোকবার্তায় বলেন, মুক্তিযুদ্ধের একজন সংগঠক হিসেবে তাঁর অবদান জাতি কোনো দিন ভুলবে না। দেশের স্বাধিকার, স্বাধীনতা ও মানুষের গণতান্ত্রিক অধিকারের সংগ্রামে তিনি ছিলেন আপসহীন।
এ ছাড়া গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু, বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, সাম্প্রদায়িক-জঙ্গিবাদবিরোধী মঞ্চের সমন্বয়ক অজয় রায় ছাড়াও সম্মিলিত সামাজিক আন্দোলন, ঐক্য ন্যাপ, ন্যাপ ভাসানীসহ বিভিন্ন সংগঠন তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছে।
গাজীপুর প্রতিনিধি জানিয়েছেন, কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে কাল রোববার পর্যন্ত তিন দিনের শোক ঘোষণা করা হয়েছে। এ ছাড়া উপজেলার ১১ ইউনিয়নে আওয়ামী লীগ আজ শনিবার দিনব্যাপী কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করবে।