চলে গেলেন নূরজাহান বেগম
>

বেগম রোকেয়া, কবি কাজী নজরুল ইসলাম, কবি সুফিয়া কামালসহ অনেক বিখ্যাত ব্যক্তিত্বের কাছাকাছি থেকে বড় হয়েছেন নূরজাহান বেগম। ২০১১ সালে তিনি সাংবাদিকতায় একুশে পদক পান
মাত্র কয়েক দিন আগেও সবাইকে ফোন করে বেগম পত্রিকার ঈদসংখ্যার জন্য লেখা চেয়েছেন নূরজাহান বেগম। অনেকে লেখা জমা দিয়েছেন।
কিছুদিন ধরেই শরীরটা ভালো যাচ্ছিল না। ৫ মে অসুস্থ অবস্থায় তাঁকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ৭ মে তাঁকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছিল।
মেয়ে ফ্লোরা নাসরীন খান বলেন, ‘আম্মা হাসপাতালে অচেতন ছিলেন। ভেবেছিলাম ঈদসংখ্যা তাঁর হাতে দিলে চোখ খুলে তাকিয়ে হাসবেন। তা আর হলো না।’
গতকাল সকালে শেষনিশ্বাস ত্যাগ করেন বাংলাদেশে নারী সাংবাদিকতার এই পথিকৃৎ (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বয়স হয়েছিল ৯১ বছর। তাঁর মরদেহ পুরান ঢাকার শরৎ গুপ্ত রোডের ৩৮ নম্বর বাড়িতে নেওয়া হলে দুপুরের মধ্যে বাড়ি ভরে যায় মানুষে। কে কাকে সান্ত্বনা দেবে? সবাই যে অভিভাবকহারা।
নূরজাহান বেগমের হাত ধরে যে নারীরা লেখালেখির জগতে প্রতিষ্ঠিত হয়েছেন, তাঁদের অনেকে এখন প্রবীণ। অনেকে হাঁটতে পারেন না। তবে ‘প্রিয় আপা’র মুখটি একবার দেখার জন্য ছুটে আসেন।
বেগম বাংলায় নারীদের প্রথম সাপ্তাহিক। ১৯৪৭ সালের ২০ জুলাই কলকাতা থেকে এটি প্রকাশিত হয়। সাহিত্যক্ষেত্রে মেয়েদের এগিয়ে আনা
র লক্ষ্যে সাহিত্যচর্চার পৃথক ক্ষেত্র হিসেবে বেগম বের হয়। ১৯৫০ সালে বেগম চলে আসে ঢাকায়। বেগম-এর প্রতিষ্ঠাতা ছিলেন সওগাত সম্পাদক মোহাম্মদ নাসিরউদ্দীন এবং প্রথম সম্পাদিকা ছিলেন বেগম সুফিয়া কামাল। তবে চার মাস পর থেকেই পত্রিকাটির সম্পাদনা শুরু করেন মোহাম্মদ নাসিরউদ্দীন ও ফাতেমা খাতুনের একমাত্র কন্যা নূরজাহান বেগম। প্রথম সংখ্যা ছাপা হয়েছিল ৫০০ কপি। মূল্য ছিল চার আনা। প্রচ্ছদে ছাপা হয়েছিল বেগম রোকেয়ার ছবি।
এখন আর সাপ্তাহিক নয়, এটি মাসিক পত্রিকা হিসেবে বের হচ্ছে। পত্রিকাটির সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছেন তাঁর বড় মেয়ে ফ্লোরা নাসরীন খান। তবে এই পত্রিকায় কার লেখা যাবে, কার ছবি যাবে, কোন কোন বিষয় থাকবে, তার সবই ঠিকঠাক করতেন নূরজাহান বেগম। পত্রিকাটির প্রিন্টার্স লাইনে লেখা আছে, ‘সম্পাদিকা ও প্রকাশিকা: নূরজাহান বেগম, ৬৬ লয়াল ষ্ট্রীট, ঢাকা-১১০০। সওগাত প্রেস ঢাকা হইতে নূরজাহান বেগম কর্তৃক মুদ্রিত।’

গতকালই নিজ বাড়িতে প্রথম জানাজার পর নূরজাহান বেগমের মরদেহ নেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখান থেকে গুলশান জামে মসজিদে দ্বিতীয় জানাজা শেষে মিরপুরে বুদ্ধিজীবী কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক শোকবার্তায় বলেন, ‘জাতি আজ এক মহীয়সী নারীকে হারাল, উপমহাদেশের নারী জাগরণে যিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।’
শহীদ মিনারে বিকেল চারটা থেকে পাঁচটা পর্যন্ত শোকসভার আয়োজন করে সম্মিলিত সাংস্কৃতিক জোট। বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, রাজনীতিবিদ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা শেষ শ্রদ্ধা জানান। দুই মেয়ে ফ্লোরা নাসরীন খান ও রিনা ইয়াসমিন আহমেদ জানান, বেগম পত্রিকার প্রকাশনা তাঁরা অব্যাহত রাখবেন।
ফ্লোরা নাসরীন খান বলেন, ‘আম্মা যে মশাল জ্বালিয়েছেন, তা যেন কখনো নিভে না যায়, তা-ই তিনি চেয়েছেন সব সময়।’
নূরজাহান বেগমের জন্ম ১৯২৫ সালের ৪ জুন চাঁদপুর জেলার চালিতাতলী গ্রামে। তাঁর বাবা ১৯১৮ সালে কলকাতা থেকে মাসিক সওগাত পত্রিকা বের করেন। নূরজাহান বেগম বিএ পর্যন্ত পড়াশোনা করেন। বাবার পরে নূরজাহান বেগমের পাশে দাঁড়ান তাঁর স্বামী কেন্দ্রীয় কচিকাঁচার মেলার নামের শিশু সংগঠনের প্রতিষ্ঠাতা রোকনুজ্জামান খান। তিনি ‘দাদাভাই’ নামে বেশি পরিচিত। নারী জাগরণের অগ্রদূত রোকেয়া সাখাওয়াৎ হোসেন, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, কবি সুফিয়া কামালসহ অনেক বিখ্যাত ব্যক্তিত্বের কাছাকাছি থেকে বড় হয়েছেন নূরজাহান বেগম। ২০১১ সালে নূরজাহান বেগম সাংবাদিকতায় একুশে পদক পান।
কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ শ্রদ্ধা জানাতে গিয়ে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, নূরজাহান বেগমের মৃত্যুতে বিশাল শূন্যতার সৃষ্টি হলো। তবে তাঁর আদর্শে বিশ্বাসী এবং নারীমুক্তির প্রত্যাশীরা চিরকাল অনুপ্রাণিত হবেন এবং কাজ দিয়ে সেই শূন্যতা পূরণ করবেন।
মানবাধিকারকর্মী সুলতানা কামাল বলেন, বেগম ক্লাবের মাধ্যমে ওই সময়ে নারীদের একসঙ্গে বসার সুযোগ করে দিয়েছিলেন তিনি। সুফিয়া কামাল বা নূরজাহান বেগমদের পদাঙ্ক অনুসরণ করে নারীরা এগিয়ে যাবেন বলে প্রত্যাশা করেন তিনি।
শহীদ মিনারে একটি টুলের ওপর বসে ছিলেন বয়সের ভারে ন্যুব্জ দেশের প্রথম নারী আলোকচিত্রী সাংবাদিক সাইদা খানম। তিনি বেগম পত্রিকার জন্য ছবি তোলা, গল্প লেখা শুরু করেন ১৯৫৬ সাল থেকে। তিনি বলেন, সেই যুগে প্রকাশিত মেয়েদের জন্য বেগম পত্রিকায় সংসার, রাজনীতির খবরসহ সবই থাকত।
বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম নূরজাহান বেগমের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাকে ‘বিরল সৌভাগ্য’ হিসেবে উল্লেখ করেন।
সাংস্কৃতিক ব্যক্তিত্ব মফিদুল হক বলেন, উত্তরসূরিরা তাঁর গুরুত্ব অনুধাবন করলেই তিনি বেঁচে থাকবেন চিরকাল।
লেখিকা মাহাতাব আরা রহমান জানালেন, তাঁর বিয়ে হয়েছে নূরজাহান বেগমের শরৎ গুপ্ত রোডের বাড়িতেই। শুধু তাঁরই নয়, এলাকায় কমিউনিটি সেন্টার না থাকায় অনেক মেয়ের বিয়ের সমস্ত দায়দায়িত্ব নিজের কাঁধে তুলে নিতেন নূরজাহান বেগম।
অবসরপ্রাপ্ত অধ্যাপক সায়েরা বেগম জানান, তাঁর মা সুফিয়া বেগম শুধু বানান করে করে লিখতে পারতেন। সেই মা বেগম পত্রিকা পড়ে পড়ে একদিন সুন্দর একটি কবিতা লিখে ফেললেন।
নূরজাহান বেগমের কাছ থেকে দীক্ষা নিয়েই কবি লিলি হক এখন ‘চয়ন’ ও ‘দশ দিগন্ত’ নামের দুটি প্রকাশনার সম্পাদকের দায়িত্ব পালন করার সাহস পেয়েছেন বলে জানালেন। লিলি হকের মতে, বেগম শুধু একটি পত্রিকার নাম নয়, এটি কোটি কোটি মানুষের জীবন পাল্টে দেওয়ার একটি প্ল্যাটফর্ম।
শোক
নূরজাহান বেগমের মৃত্যুতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার শিরীন শারমিন চৌধুরী, জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী মেহের আফরোজ চুমকি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, সেন্ট্রাল উইমেনস ইউনিভার্সিটির উপাচার্য পারভীন হাসান ও অধ্যাপক মালেকা বেগম গভীর শোক প্রকাশ করেছেন।