চলে গেলেন প্রবীণ রাজনীতিক অজয় রায়

না-ফেরার দেশে চলে গেলেন বর্ষীয়ান রাজনীতিক অজয় রায়। তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। দেশের প্রগতিশীল গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম এই পুরোধা গতকাল সোমবার ভোর সাড়ে পাঁচটার দিকে শেষনিশ্বাস ত্যাগ করেন।
গতকাল ভোরে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে রাজধানীর বারডেম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। অজয় রায় নিউমোনিয়া, কিডনি, হৃদ্রোগসহ নানা জটিল রোগে ভুগছিলেন। তাঁর মরদেহ বারডেম হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
মৃত্যুর সময় পাশে ছিলেন তাঁর সহধর্মিণী জয়ন্তী রায়। অজয় রায়ের দুই মেয়ে ও এক ছেলে এখন যুক্তরাষ্ট্র ও সুইজারল্যান্ডে থাকেন। অজয় রায়ের ইচ্ছা, তিনি মিশে থাকবেন এই বাংলার মাটির সঙ্গে। এ কারণে তাঁর মরদেহ দাহ না করে সমাধিস্থ করা হবে। মৃত্যুর আগ পর্যন্ত তিনি সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদবিরোধী মঞ্চের সমন্বয়ক এবং সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
ঐক্য ন্যাপের সভাপতি ও অজয় রায়ের সহকর্মী পঙ্কজ ভট্টাচার্য বলেন, অনেক দিন ধরে অসুস্থ ছিলেন অজয় রায়। গত সপ্তাহে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল থেকে তাঁকে বাসায় নিয়ে যাওয়া হয়। গতকাল সকাল সাড়ে আটটায় স্বাস্থ্যপরীক্ষার জন্য হাসপাতালে আনার কথা ছিল। ভোর সাড়ে পাঁচটার দিকে তাঁর শ্বাস বন্ধ হয়ে যায়। এরপরও তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসক পরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করেন।
আগামীকাল বুধবার কেন্দ্রীয় শহীদ মিনারে অজয় রায়ের প্রতি নাগরিক শ্রদ্ধা জানানো হবে। সেখানে সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত বর্ষীয়ান এই রাজনীতিকের মরদেহ রাখা হবে। তাঁর সন্তানদের দেশে আসার কথা আছে। তাঁরা ফিরলেই তাঁকে তাঁর গ্রামের বাড়ি কিশোরগঞ্জের কটিয়াদীতে নিয়ে যাওয়া হবে। সেখানেই তাঁকে সমাধিস্থ করা হবে।
অজয় রায় ১৯২৮ সালের ৩০ ডিসেম্বর ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মাতুলালয়ে জন্মগ্রহণ করেন। তাঁর পৈতৃক বাড়ি কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার বনগ্রামে। বাবা প্রমথ নাথ রায় বারানসি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন। মায়ের নাম কল্যাণী রায়। অজয় রায় ১৯৪৩ সালে প্রথম বিভাগে ম্যাট্রিক পাস করেন। ১৯৪৫ সালে বারানসি বিশ্ববিদ্যালয় থেকে প্রথম বিভাগে আইএসসি পাস করে সেখানেই ফার্মেসি বিভাগে প্রথম বর্ষে ভর্তি হন। ১৯৪৮ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে বিকম পাস করেন। অজয় রায় স্কুলের ছাত্র থাকা অবস্থায়ই ভারতীয় কমিউনিস্ট আন্দোলনের সঙ্গে জড়িয়ে পড়েন। স্বাধীনতার পর ১৯৭৩ সালে তিনি বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য হন। বিভিন্ন সময়ে সিপিবির অর্থনীতি, আন্তর্জাতিক ও সংস্কৃতি বিভাগের দায়িত্ব পালন করেন। ১৯৯৩ সালে কমিউনিস্ট পার্টি থেকে বেরিয়ে এসে অজয় রায় ‘কমিউনিস্ট কেন্দ্র’ গঠন করেন। পাকিস্তান শাসনামলে তিনি ১৫ বছর জেল খেটেছেন। বিভিন্ন সময়ে প্রায় ১২ বছর তিনি আত্মগোপনে ছিলেন। তিনি অন্তত ১৪টি বইয়ের লেখক। জাতীয় দৈনিকেও নিয়মিত কলাম লিখতেন তিনি।
দল-সংগঠনের শোক: প্রবীণ এই রাজনীতিবিদের মৃত্যুতে বাংলাদেশের কমিউনিস্ট পার্ট, জাসদ, ওয়ার্কার্স পার্টি, ঐক্য ন্যাপ, সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ ’৭১, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটিসহ বিভিন্ন সংগঠন শোক প্রকাশ করেছে।