চলে গেলেন প্রবীণ সাংবাদিক হাবিবুর রহমান মিলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাবিবুর রহমান মিলন
হাবিবুর রহমান মিলন

একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত ও প্রবীণ সাংবাদিক হাবিবুর রহমান মিলন আর নেই। গত শনিবার দিবাগত রাত তিনটায় রাজধানীর একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে কিডনি ও ফুসফুসে জটিলতাসহ নানা রোগে ভুগছিলেন। তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর।
হাবিবুর রহমান প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) চেয়ারম্যান ও দৈনিক ইত্তেফাক-এর উপদেষ্টা সম্পাদক ছিলেন। প্রবীণ
এই সাংবাদিকের মৃত্যুতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক প্রকাশ করেছেন।
২ জুন হাবিবুর রহমানকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখান থেকে মরদেহ তাঁর ইস্কাটনের বাসা, জাতীয় প্রেসক্লাব, পিআইবি এবং দৈনিক ইত্তেফাক কার্যালয়ে নেওয়া হয়। মরহুমের লাশ বারডেম হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। তিনি এক ছেলে, পাঁচ মেয়েসহ আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। অস্ট্রেলিয়ায় অবস্থানরত এক মেয়ে দেশে পৌঁছালে সোমবার মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে মরদেহ দাফন করা হতে পারে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
গতকাল দুপুরে জাতীয় প্রেসক্লাবে জানাজার পর হাবিবুর রহমানের কফিনে শ্রদ্ধা জানানো হয়। বিদেশে অবস্থানরত প্রধানমন্ত্রীর পক্ষে মরহুমের কফিনে ফুল দেওয়া হয়। এরপর জাতীয় প্রেসক্লাব, সাংবাদিকদের বিভিন্ন ইউনিয়ন ও সংগঠন কফিনে ফুল দেয়।
জানাজায় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, সাংসদ হাছান মাহমুদ, তথ্যসচিব মরতুজা আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম প্রমুখ অংশ নেন। প্রয়াত এই সাংবাদিক সম্পর্কে বক্তব্য দেন ক্লাবের সভাপতি শফিকুর রহমান ও সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী। পরিবারের পক্ষে বক্তব্য দেন মরহুমের পুত্র তাহমিনুর রহমান সুমন।
হাবিবুর রহমান মিলনের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাংলাদেশ ছাত্রলীগ, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ, রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।