চলে গেলেন ফিরে আসা যৌনকর্মীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের কান্দাপাড়া যৌনপল্লিতে ফিরে আসা যৌনকর্মীরা গতকাল শুক্রবার চলে গেছেন। যাওয়ার জায়গা নেই—এমন ১২ জন যৌনকর্মী ও তাঁদের পাঁচটি সন্তানকে প্রশাসনের পক্ষ থেকে একটি এনজিওর প্রশিক্ষণ কেন্দ্রে থাকার ব্যবস্থা করা হয়েছে।
গতকাল বেলা ১১টার দিকে জেলা প্রশাসক মাহবুব হোসেন ও পুলিশ সুপার সালেহ মোহাম্মদ তানভীরসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা যৌনপল্লিতে গিয়ে যৌনকর্মীদের এই এলাকা ছেড়ে যাওয়ার অনুরোধ জানান। এতে তাঁদের অনেকে কান্নাকাটি শুরু করেন। এ সময় জেলা প্রশাসক ও পুলিশ সুপার তাঁদের আশ্রয় এবং যত দিন পুনর্বাসনের ব্যবস্থা না হয়, সে পর্যন্ত আশ্রয়, থাকা-খাওয়া ও নিরাপত্তার আশ্বাস দেন। পরে ১২ জন যৌনকর্মী এবং তাঁদের পাঁচ সন্তানকে বেসরকারি উন্নয়ন সংস্থা সোসাইটি ফর সোস্যাল সার্ভিসের (এসএসএস) প্রশিক্ষণ কেন্দ্রে নেওয়া হয়। বাকিরা নিজ দায়িত্বে চলে যান।
জেলা প্রশাসক মাহবুব হোসেন বলেন, আলোচনার মাধ্যমে সমঝোতা করেই যৌনকর্মীদের পল্লি থেকে সরানো হয়েছে। স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে যা করা দরকার তা করা হবে। তাঁদের জমি যাতে কেউ দখল করতে না পারে, সে ব্যবস্থাও নেওয়া হয়েছে।
পুলিশ সুপার সালেহ মোহাম্মদ তানভীর বলেন, নিরাপত্তাহীনতার স্বার্থেই যৌনকর্মীদের সরিয়ে নেওয়া হয়েছে।
গত ১২ জু্লাই এই যৌনপল্লি উচ্ছেদ করা হয়। উচ্ছেদের পর এর সব স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। উচ্ছেদ হওয়া যৌনকর্মীরা গত বুধবার দুপুরে হঠাৎ করেই আবার সেখানে ফিরতে শুরু করেন। তাঁদের ফিরে আসার খবরে শহরে বিক্ষোভ মিছিল করে কওমি ওলামা পরিষদ। তারা বৃহস্পতিবার মিছিল নিয়ে যৌনপল্লির দিকে রওনা হয়। পুলিশি বাধার মুখে মিছিলকারীরা শহরের প্রধান সড়কে বিকেল পর্যন্ত অবস্থান নিয়ে কঠোর আন্দোলনের হুমকি দেন।