চলে গেলেন বন্ধু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ পর্যন্ত চলে গেলেন আমার একান্তজন, সুহৃদ ভাষাসংগ্রামী আবদুল মতিন। অনিচ্ছা সত্ত্বেও আমাদের সবাইকে এক নির্মম সত্য মৃত্যুর মুখোমুখি হতে হয়, কবির ভাষায় বলা যায়, ‘তবু যেতে দিতে হয়’। মানুষ এ হতাশাকে সহজে মেনে নিতে চায় না, বিশেষ করে সে মানুষটি যদি খুব কাছের হয়, নিকট-বন্ধু হয়ে থাকে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বন্ধু আবদুল মতিনকে নিথর, অচেতন অবস্থায় দেখেও তেমনই ভেবেছিলাম। যতই দিন গেছে, মাস গেছে, আশার ধাপগুলোতে ধস নেমেছে, বিশেষ করে সংশ্লিষ্ট চিকিৎসকদের সঙ্গে কথা বলে। তাঁদের দিক থেকে যা করার তাঁরা করেছেন।
কিন্তু সম্ভব হয়নি সমস্যার গভীরতলে পৌঁছানো: কেন সংজ্ঞাহীনতা, কেন সঠিক একটি ছোট্ট অপারেশনের পরও চেতনার ভুবনে কোনো পরিবর্তন ঘটেনি। অতএব, সবকিছুই ঘটনার হাতে সমর্পণ। এর বেশি কিছু করার নেই। দুর্বোধ্য, নির্মম শক্তির কাছে বড় অসহায় এই আত্মসমর্পণ! তাই অতি বড় বাস্তববাদীকেও ঘটনার নির্মমতায় কখনো কখনো দার্শনিক বা কবির মন্তব্যের দিকে চোখ ফেরাতে হয়: ‘জীবনেরে কে রাখিতে পারে। আকাশের প্রতি তারা ডাকিছে তাহারে।’ মৃত্যু কি তাহলে প্রবল, অপ্রতিরোধ্য এক মহাজাগতিক শক্তির আকর্ষণ! নাকি জাগতিক নিয়মের পরিণাম? আমরা জানি না।
দুই
বন্ধু আবদুল মতিন, ভাষাসংগ্রামী আবদুল মতিন, যিনি ‘ভাষা-মতিন’ নামে সর্বজনপ্রিয়, সর্বজনশ্রদ্ধেয়, আজ চেতনলোকের বাইরে। তিনি বায়ান্নর ভাষা আন্দোলনের অন্যতম প্রধান রূপকার হলেও তাঁকে আমি একুশের সন্তান হিসেবে দেখি, একুশের শ্রদ্ধা হিসেবেও দেখি। আটচল্লিশের মার্চের ইঙ্গিত ভাষা আন্দোলনের পরবর্তী ধূসর দিনগুলোতে প্রতিকূল পরিবেশে ভাষা আন্দোলনের বিস্ফোরক দিনটির সম্ভাবনার বীজতলা তৈরিতে তাঁর অবদান ছিল সর্বাধিক।
আটচল্লিশের মার্চের পর, বিশেষ করে ১৯৫০-এর মার্চ থেকে যে ভোলে ভুলুক, আমি অন্তত দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক হিসেবে স্থগিত আন্দোলন পুনরুজ্জীবিত করতে আবদুল মতিনের অবিচল নিষ্ঠার নিরন্তর তৎপরতা। ছাত্রাবাসের ঘরে ফেরা ছাত্রদের আবার রাজপথে টেনে আনার কাজ মোটেই সহজ ছিল না। সে কাজ সম্ভব হয়েছিল মূলত দুটি কারণে, শাসককুলের ভাষাবিষয়ক অর্বাচীন ভূমিকা এবং ছাত্রসমাজের রাষ্ট্রভাষা বাংলা সম্বন্ধে প্রতিবাদের, আন্দোলনের স্বতঃস্ফূর্ত প্রবণতা।
তবু শাসকশ্রেণির দমননীতি বাধা সৃষ্টি করেছে। পশ্চিম পাকিস্তানি এলিট শ্রেণির সচেতন বিরূপতা, পূর্ববঙ্গীয় ক্ষমতাসীন রাজনীতিক ও প্রতিক্রিয়াশীলদের বিরোধী ভূমিকা তাতে জ্বালানি যোগ করেছে। হয়তো তাই বিশ্ববিদ্যালয় সংগ্রাম পরিষদের আহ্বায়ক আবদুল মতিনকে একক চেষ্টায় গণপরিষদ সদস্যদের কাছে বাংলা রাষ্ট্রভাষার পক্ষে স্মারকলিপি পাঠাতে হয়েছে। এর অনুলিপি গেছে পশ্চিম পাকিস্তানি সংবাদপত্র মহলে। দ্বিতীয় ক্ষেত্রে কিছুটা সুফল দেখা গেছে, যদিও প্রথম ক্ষেত্রটি অনড়, প্রতিক্রিয়াহীন। এভাবে ছোট-বড় তৎপরতা, মূলনীতি কমিটির সুপারিশের বিরুদ্ধে সংঘটিত আন্দোলনের মাধ্যমে আমরা পৌঁছে যাই বিস্ফোরক ২১ ফেব্রুয়ারিতে।
তিন
তাঁর সঙ্গে আমার পরিচয় ফেব্রুয়ারির উপদ্রুত দিনগুলোতে, বিশেষ করে একুশের বিকেলে পুলিশের গুলিবর্ষণের পর কান্নাভেজা সময়ে, উপলক্ষ একটি প্রচারপত্র। পরবর্তী কয়েক দিন সে সম্পর্ক আরও সংহত হয়েছে। সে কটি দিন খুব কাছে থেকে দেখে আবদুল মতিনকে মনে হয়েছে রাষ্ট্রভাষা বাংলার পক্ষে এক আপসহীন যোদ্ধা। অন্যদের প্রতি শ্রদ্ধা রেখেই এ কথা বলছি।
বলছি আরও কিছু ঘটনা দেখে, যেখানে তাঁর বিবেচনায় ভাষা আন্দোলনের মধ্য দিয়েই ব্যাপক জনস্বার্থ ও জনমঙ্গলের বিষয়টি উঠে এসেছে একুশের কর্মসূচিতে যুক্ত করার জন্য। তিনি তখনো মার্ক্সবাদী দর্শনে দীক্ষিত নন, কিন্তু একধরনের বাস্তববোধ তাঁকে এ-জাতীয় ভাবনায় উদ্বুদ্ধ করে। কিন্তু সর্বদলীয় কমিটির নানামাত্রিক চিন্তা তাতে বাধা সৃষ্টি করেছে। তবু বায়ান্ন, তবু একুশে সফল আন্দোলনের জন্ম দেয়, যার প্রভাব পড়ে যেমন রাজনীতিতে, তেমনি সাহিত্যে-সংস্কৃতির বাঁকফেরা চরিত্র পরিবর্তনে। এসব বিচারেই ভাষা আন্দোলন ও আবদুল মতিন একসঙ্গে উচ্চারণযোগ্য এবং আবদুল মতিন হয়ে ওঠেন ‘ভাষা-মতিন’।
আহমদ রফিক: ভাষাসংগ্রামী।