চলে গেলেন বসন্ত উৎসবের কবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফজল শাহাবুদ্দীন
ফজল শাহাবুদ্দীন

বসন্ত কড়া নাড়ছে দরজায়। অথচ ঋতুরাজ আসার আগেই চলে গেলেন বসন্তকালীন কবিতা উৎসবের উদ্যোক্তা দেশের বিশিষ্ট কবি ও সাংবাদিক ফজল শাহাবুদ্দীন। গতকাল রোববার সকাল ১০টা ৪৫ মিনিটে তিনি পৃথিবীর মায়া কাটিয়ে চলে গেলেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। রেখে গেছেন স্ত্রী, এক মেয়ে, দুই ছেলে ও বহু গুণগ্রাহী।
পারিবারিক সূত্র জানায়, মাস খানেক আগে মস্তিষ্কে রক্তক্ষরণে ফজল শাহাবুদ্দীন গুরুতর অসুস্থ হয়েছিলেন। গতকাল ১০টার দিকে হঠাৎ অসুস্থ বোধ করেন। হাসপাতালে আনা হলে চিকিৎসকেরা জানান, কবি আর নেই। বাদ আসর বাসাবো মাঠে তাঁর প্রথম জানাজা হয়।
এরপর তাঁকে আনা হয় জাতীয় প্রেসক্লাবে। এখানে দ্বিতীয় জানাজার পর তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ, কবির স্কুলের বন্ধু লেখক সৈয়দ শামসুল হক, জাতীয় কবিতা পরিষদের সভাপতি হাবিবুল্লাহ সিরাজী, কবি মাহাবুব তালুকদার, প্রাবন্ধিক মফিদুল হক এবং সাহিত্যিক ও সংস্কৃতিজনেরা তাঁকে শ্রদ্ধা জানান। জাতীয় প্রেসক্লাব, ঢাকা সাংবাদিক ইউনিয়নের উভয় অংশসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও ফুলেল শ্রদ্ধা জানানো হয়। পরে শ্রদ্ধা নিবেদনের জন্য তাঁকে আনা হয় বাংলা একাডেমিতে। সেখান থেকে বনানী কবরস্থানে। সেখানেই অনন্তকালের জন্য শায়িত করা হয় তাঁকে।
ফজল শাহাবুদ্দীনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
এই ফেব্রুয়ারিতেই পৃথিবীতে এসেছিলেন ফজল শাহাবুদ্দীন। নানাবাড়ি কুমিল্লার শাহপুর গ্রামে, ১৯৩৬ সালের ৪ ফেব্রুয়ারি। পুরান ঢাকাতেই তাঁর বেড়ে ওঠা। পড়েছেন ঢাকা কলেজিয়েট স্কুল, জগন্নাথ কলেজ ও কায়েদে আজম কলেজে। স্নাতক। বিচিত্র তাঁর কর্ম অভিজ্ঞতা। সংসারে ছিল অর্থের টানাটানি। উচ্চমাধ্যমিক পরীক্ষার আগেই চাকরি নিয়েছিলেন ঢাকার ‘নওয়াব এস্টেটে’। সেখান থেকে নবাবপুর পোস্ট অফিসের কেরানি পদে পাঁচ বছর। রাতের কলেজে ভর্তি হয়ে চালিয়েছেন প্রাতিষ্ঠানিক শিক্ষা। কাজ করেছেন নানা পত্রিকায়। তাঁর বিশেষ কৃতিত্ব সাপ্তাহিক বিচিত্রার সম্পাদনা। ১৯৬৮ সালে তাঁর সম্পাদনায় পত্রিকাটি প্রকাশিত হয়েছিল মাসিক পত্রিকা হিসেবে। এটি সাপ্তাহিক হিসেবে প্রকাশিত হতে থাকে ১৯৭২ সাল থেকে। দেশের সাপ্তাহিক পত্রিকার ক্ষেত্রে তাঁর সম্পাদনায় বিচিত্রা একটি মাইলফলক সৃষ্টি করে। ছিলেন দেশের চলচ্চিত্র সাংবাদিকতার অন্যতম পথিকৃৎ। পাকিস্তান চলচ্চিত্র সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। কবিতার পাশাপাশি প্রবন্ধ, সিনেমার চিত্রনাট্য, কলাম, চলচ্চিত্র সমালোচনাসহ বৈচিত্র্যময় তাঁর রচনাসম্ভার। সিনেমার জন্য গান লিখেছিলেন মাত্র দুটি। এখনো লোকের মুখে মুখে ফেরে ‘আমি যে আঁধারে বন্দিনী’, ‘চেনা চেনা লাগে, তবু অচেনা’।
মহান ভাষা আন্দোলনের বছর ১৯৫২ সাল থেকেই কাব্যচর্চা শুরু ফজল শাহাবুদ্দীনের। ওই বছরই ভাষা আন্দোলন নিয়ে একটি পুস্তিকা প্রকাশ করেছিলেন। জীবিকার প্রয়োজনে নানা পেশায় জড়ালেও কবিতার চর্চা করেছেন নিরবচ্ছিন্নভাবে। গ্রন্থের সংখ্যা ত্রিশের ওপরে। ১৯৫৬ সাল থেকে প্রায় নিয়মিত প্রকাশ করেছেন কবিতা পত্রিকা কবিকণ্ঠ। আয়োজন করেছেন বসন্তকালীন কবিতা উৎসব। বাংলা একাডেমি পুরস্কার, একুশে পদকসহ বিভিন্ন পুরস্কার পেয়েছেন। তবে নব্বইয়ের দশকে তৎকালীন স্বৈরশাসক এইচ এম এরশাদের পৃষ্ঠপোষকতায় এশীয় কবিতা উৎসব আয়োজনে ভূমিকা নিয়ে তিনি দেশের কবিতার প্রধান ধারা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন। এর পর থেকে তিনি প্রায় নিভৃতেই কাটিয়েছেন তাঁর নিভৃতি নামের বাড়িতে। চলেও গেলেন প্রায় নিভৃতেই।