চলে গেলেন বাইক্কা বিলের মিরাশ মিয়া

মাছ ও পাখির অভয়াশ্রম মৌলভীবাজার জেলার হাইল হাওরের বাইক্কা বিলে যাঁরা গিয়েছেন, তাঁদের একজনের কথা অবশ্যই মনে পড়বে। কারণ বিলের পর্যবেক্ষণ টাওয়ারে তাঁর সঙ্গে সবারই দেখা হতো। যিনি দেশি-বিদেশি পর্যটকদের কাছে বিভিন্ন প্রজাতির পাখির নাম বলতেন, তিনি বিলের ব্যবস্থাপক মিরাশ মিয়া (৫৭)। তাঁকে আর দেখা যাবে না।
গত সোমবার সন্ধ্যা ছয়টার দিকে বিলে কর্মস্থলেই তিনি হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় কালাপুর ইউনিয়নের হাজীপুর গ্রামে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
মিরাশ মিয়া বাইক্কা বিলে পর্যটকদের কাছে ব্যবস্থাপক হিসেবে পরিচিত ছিলেন। টেলিস্কোপ দিয়ে পাখির সঙ্গে পরিচয় করিয়ে দিতেন সবাইকে। কোন পাখি কখন আসে, কখন চলে যায়; কোনটা স্থানীয়, কোনটা পরিযায়ী, কোনটা নতুন এসেছে—এসব ছিল তাঁর মুখস্থ। তাই তাঁর কাছ থেকেই সহজে এ তথ্যগুলো পাওয়া যেত।
বাইক্কা বিলে বেসরকারি সংস্থা সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডি (সিএনআরএস) কর্তৃক বাস্তবায়িত ক্লাইমেট রেজিলিয়েন্ট ইকোসিস্টেম অ্যান্ড লাইভলিহুড (ক্রেল) প্রকল্প সূত্রে জানা গেছে, ২০০৬ সাল থেকে মিরাশ মিয়া বাইক্কা বিলে প্রাকৃতিক সম্পদ রক্ষা ও ব্যবস্থাপনার সঙ্গে জড়িত ছিলেন।
ক্রেলের মাঠ কর্মকর্তা মো. মনিরুজ্জামান চৌধুরী বলেন, এমন কোনো পাখির নাম নেই, যা মিরাশ মিয়ার জানা ছিল না। গ্রামের একটা মানুষ বাংলা ও ইংরেজিতে সঠিক উচ্চারণে সব কটি পাখির নাম বলতে পারতেন। যাঁরাই বাইক্কা বিলে আসতেন, সবাইকে সহযোগিতা করতেন।