চলে গেলেন বাবা, মেয়ের অবস্থা সংকটাপন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর উত্তরার ট্রপিক্যাল আলাউদ্দীন টাওয়ার শপিং কমপ্লেক্সে শুক্রবার লিফট ছিঁড়ে পড়ে এবং আগুনে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় ভবনের বিপণিবিতানগুলো l প্রথম আলো
রাজধানীর উত্তরার ট্রপিক্যাল আলাউদ্দীন টাওয়ার শপিং কমপ্লেক্সে শুক্রবার লিফট ছিঁড়ে পড়ে এবং আগুনে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় ভবনের বিপণিবিতানগুলো l প্রথম আলো

রাজধানীর উত্তরায় আলাউদ্দীন টাওয়ার শপিং কমপ্লেক্সের লিফট ছিঁড়ে পড়ার ঘটনায় গতকাল শনিবার ভোরে ট্রপিক্যাল হোমসের উপমহাব্যবস্থাপক মাহমুদুল হোসেন (৪৫) মারা গেছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে মৃত্যুর সঙ্গে লড়াই করছে মাহমুদুল হোসেনের ১১ বছরের মেয়ে মাইশা হোসেন ও ছেলে মুনতাকীন হোসেন।
বার্ন ইউনিটের আবাসিক সার্জন হোসাইন ইমাম প্রথম আলোকে বলেন, মাইশার অবস্থা খুবই খারাপ। তার শরীরের ৫৫ শতাংশ পুড়ে গেছে। তাকে জরুরি অস্ত্রোপচার করা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের শিক্ষক সোহেল মাহমুদ জানিয়েছেন, নিহত ব্যক্তিদের মধ্যে মিজানুর রহমান, রেজাউল ইসলাম ও মাহমুদুল হাসান আগুনে পুড়ে মারা গেলেও বাকিরা আঘাত পেয়ে মারা গেছেন। সালমা আক্তারের ওপর লিফট ছিঁড়ে পড়েছিল, শ্বাস বন্ধ হয়ে তিনি মারা জান। কামরুন্নাহার লতা ও জসিমউদ্দিনের মাথা ফেটে যায়। এ ঘটনায় অর্ধশতাধিক মানুষ আহত হন। উত্তরার বিভিন্ন হাসপাতালে তাঁরা চিকিৎসাধীন আছেন।
এদিকে এই শপিং কমপ্লেক্সে আগুন নেভানোর কোনো ব্যবস্থা ছিল না বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। যদিও ২০১২ সালে এখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সে সময় দোকানগুলোর ক্ষতি হলেও প্রাণহানির ঘটনা ঘটেনি। ২০১৫ সালে রোজার মাসে এই শপিং কমপ্লেক্সের একটি লিফটের তার ছিঁড়ে যায়। তবে কেউ মারা যায়নি।
আগুন নেভানোর ব্যবস্থা ও জরুরি বহির্গমন পথ বা সিঁড়ি না থাকা, দোকানের সংখ্যার অনুপাতে অপর্যাপ্ত সিঁড়ি ও অব্যবস্থাপনার কারণে ভবনটিতে বারবার দুর্ঘটনা ঘটছে বলে জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তা ও শপিং কমপ্লেক্সের সংশ্লিষ্ট ব্যক্তিরা।
জানা গেছে, পাঁচ বছরের কিছু বেশি সময় আগে উত্তরার ৩ নম্বর সেক্টরে চালু হয় আলাউদ্দীন মূল শপিং কমপ্লেক্স। জমির মালিক আলাউদ্দীন ট্রাপিক্যাল হোমস নামে একটি ভবন নির্মাণ প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে ১২ কাঠা জায়গায় ১৬ তলা ভবন নির্মাণ করেন। প্রথম তলা থেকে ষষ্ঠ তলা পর্যন্ত শপিং কমপ্লেক্স। সপ্তম তলা থেকে ১৬ তলা পর্যন্ত আবাসিক ফ্ল্যাট রয়েছে। এ ছাড়া বেজমেন্টে দুটি ফ্লোরে মসজিদ, ভবনটির কার্যালয় ও কার পার্কিংয়ের জায়গা রয়েছে। ভবন নির্মাণের পর জমির মালিক তাঁর প্রাপ্য অংশটুকু বিক্রি করে দেন। এ ছাড়া নির্মাণকারী প্রতিষ্ঠান অন্যান্য দোকান ও ফ্ল্যাট বিক্রি করে দেয় বিভিন্ন ব্যক্তির কাছে।
উত্তরা ৩ নম্বর সেক্টর কল্যাণ সমিতির নিরাপত্তা সম্পাদক মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, ২০১২ সালের কোনো একদিন সন্ধ্যার সময় আগুন লেগেছিল। সেবারও বিদুৎ ছিল না। বেজমেন্টে জেনারেটর থেকে তখন আগুন ছড়িয়ে পড়ে ভবনটির নিচতলায়।
ছয়তলার শপিং কমপ্লেক্সে ছোট-বড় মিলিয়ে তিন শতাধিক দোকান রয়েছে। এর মধ্যে বেশির ভাগই কসমেটিকস ও কাপড়ের দোকান। এ ছাড়া খাবার, জুতা, বিউটি পারলার, টেইলার, ঘড়ির দোকান আছে। ষষ্ঠ তলার পুরোটাতেই রয়েছে মোবাইল ফোন বিক্রির অসংখ্য দোকান। এসব দোকানে ক্রেতা-বিক্রেতা মিলিয়ে কয়েক হাজার লোক প্রতিদিন আসা-যাওয়া করেন। শপিং কমপ্লেক্সের জন্য তিনটি লিফটের প্রতিটির ধারণক্ষমতা আটজন করে। একটি রয়েছে ভবনের পশ্চিম পাশের এক কোণে। কিন্তু আসা-যাওয়ার পথে সিঁড়ি না থাকায় লোকজন লিফট ও বিদ্যুৎ-চালিত চলন্ত সিঁড়ি ব্যবহার করে থাকেন।
উত্তরা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আরিফুজ্জামান বলেন, দোকান সংখ্যা ও ক্রেতা-বিক্রেতার তুলনায় পর্যাপ্ত সিঁড়ি নেই। তিনি প্রথম আলোকে বলেন, শুক্রবার আগুন নেভাতে গিয়ে দেখা গেছে, শপিং কমপ্লেক্সটিতে অগ্নিনির্বাপণের কোনো ব্যবস্থা ছিল না। জরুরি বহির্গমনের কোনো সিঁড়ি সেখানে নেই। একটি ছোট সিঁড়ি রয়েছে, যা দিয়ে একজন মানুষ চলাচল করতে পারবে না। এ ছাড়া শুক্রবার আগুন নেভানোর সময় ভবনটির রিজার্ভ ট্যাংকে কোনো পানি ছিল না।
আগুন লাগার কারণ সম্পর্কে আরিফুজ্জামান বলেন, ইফতারের আগে পাশের লিফটটি তার ছিঁড়ে নিচে পড়ে যায়। তখন বিদ্যুৎ ছিল না। তখন জেনারেটর চলছিল। তাই লিফট নিচে পড়ে জেনারেটরের তারের সঙ্গে সংঘর্ষে আগুন লেগে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বেজমেন্টের জায়গায় নিয়ম না মেনে তৈরি পোশাক স্তূপ করে রাখা ছিল। এ জন্য আগুন সেখানে দ্রুত ছড়িয়ে যায়। লিফটে থাকা লোকজন বের হলেও এই আগুনেই তাঁরা দগ্ধ হন। এই আগুন নেভাতে ফায়ার সার্ভিসের কর্মীদের হিমশিম খেতে হয়। কারণ রিজার্ভ ট্যাংকে কোনো পানি ছিল না।
শপিং কমপ্লেক্সটি সম্পর্কে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) জোন-২-এর অথরাইজড অফিসার বলেন, ‘দুর্ঘটনার পর আমরা ভবনটির নকশা চেয়ে নিয়েছিলাম। প্রাথমিকভাবে কোনো ধরনের বিচ্যুতি চোখে পড়েনি। তবে লিফট রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে যদি কোনো ত্রুটি থেকে থাকে, সে দায় পুরোপুরি ব্যবসায়িক কল্যাণ সমিতির।’
এদিকে আলাউদ্দীন শপিং কমপ্লেক্সের কয়েকজন ব্যবসায়ী ও কর্মচারী নাম প্রকাশ না করা শর্তে বলেন, প্রতিটি লিফটে ধারণক্ষমতা আটজন জন। কিন্তু ছয়জনের বেশি মানুষ উঠলে লিফটগুলো চলত না। ২০১৫ সালে লিফটের তার ছিঁড়ে যাওয়া পর মার্কেটের দোকান মালিক সমিতি কী ব্যবস্থা নিয়েছিল, তা তাঁদের জানা নেই।
এ বিষয়ে আলাউদ্দীন শপিং কমপ্লেক্সের দোকান মালিক সমিতির সহসভাপতি মো. ইউসুফ প্রথম আলোকে বলেন, ‘অগ্নিনির্বাপণের ব্যবস্থা তো ছিল। তবে ওই সময় সেটি কাজ করছিল কি না, বলতে পারছি না। ইমার্জেন্সি সিঁড়ি নিচে সরু থাকতে পারে। তবে ওপর দিয়ে ঘটনার সময় সবাই নেমেছে। ছাদের ওপর ট্যাংকে পানি ছিল না। তবে নিচের ট্যাংকে পর্যপ্ত পানি ছিল।’