চলে গেলেন বিহারির ক্যাম্পের ইয়াসিনও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুরের পল্লবী থানার কালশীতে কুর্মিটোলা বিহারি ক্যাম্পে দুর্বৃত্তদের দেওয়া আগুনে একসঙ্গে নয়জন স্বজন হারানো ইয়াসিন মিয়া আজ শনিবার সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। মিরপুরের পল্লবীতে পূরবী সিনেমা হলের সামনে এ ঘটনা ঘটে।

ইয়াসিন মিয়া একটি সেলুনে কাজ করতেন।

গত ১৪ জুন ভোরে দুর্বৃত্তদের দেওয়া আগুনে ঘুমন্ত অবস্থায় পুড়ে মারা যান ইয়াসিন হোসেনের স্ত্রী বেবি আক্তার, ছেলে, মেয়ে, নাতিসহ মোট নয় স্বজন। এ ঘটনায় ফারজানা আক্তার নামের তাঁর আরেক মেয়ে আগুনে দগ্ধ হন।

ইয়াসিন মিয়ার ফুফাতো ভাই মো. সনু ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে মেয়ে ফারজানার জন্য ওষুধ আনতে কালশীর বিহারি ক্যাম্পের বাড়ি থেকে নিউমার্কেটে যাওয়ার উদ্দেশে বের হন ইয়াসিন মিয়া। পল্লবীর পূরবী সিনেমা হলের সামনে থেকে বাসে ওঠার সময় পাশ দিয়ে যাওয়া আরেকটি বাস তাঁকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে ইয়াসিন মিয়াকে পার্শ্ববর্তী একটি হাসপাতালে নিয়ে যান স্থানীয় লোকজন। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় বেলা দুইটার দিকে ইয়াসিন মারা যান। তাঁর লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রয়েছে।

প্রথম আলোকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই মোজাম্মেল।

১৩ জুন শবে বরাতের রাত থেকে ১৪ জুন ভোর পর্যন্ত বিহারি ক্যাম্পের বাসিন্দাদের সঙ্গে বহিরাগত ও পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়। এর একপর্যায়ে দুর্বৃত্তরা ইয়াসিন মিয়ার ঘরসহ বিহারি ক্যাম্পের আটটি ঘরে আগুন দেয়। সংঘর্ষ ও আগুন দেওয়ার ঘটনায় মোট ১০ জন নিহত হন।