চলে গেলেন মার্গারিতার বাবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাজিলের রিও অলিম্পিকে রিদমিক জিমন্যাস্টিকসে স্বর্ণজয়ী বাংলাদেশি বংশোদ্ভূত রাশিয়ার অ্যাথলেট মার্গারিতা মামুনের বাবা আবদুল্লাহ আল মামুন মারা গেছেন। বাংলাদেশ সময় গতকাল বিকেল চারটার দিকে মস্কোর একটি হাসপাতালে তিনি মারা যান। রাজশাহীর দুর্গাপুর উপজেলার কাশিপুর গ্রামে তাঁদের পৈতৃক বাড়ি।
মামুনের ভাগনে জাহিদুল হাসান জানান, গতকাল মাগরিবের পর গ্রামের বাড়িতে থাকা পরিবারের সদস্যরা মৃত্যু সংবাদ পান। দুপুরেও টিভিতে মার্গারিতার সংবর্ধনার খবর দেখেছেন সবাই। বাড়িতে ছিল উৎসবের আমেজ। কিন্তু সন্ধ্যায় মৃত্যুর খবর আসার পর শোকের ছায়া নেমে আসে। প্রতিবেশীরা বাড়িতে ছুটে আসেন শোক ও সমবেদনা জানাতে।
জাহিদুল হাসান আরও জানান, আবদুল্লাহ আল মামুন অসুস্থ ছিলেন। রাশিয়াতেই তাঁর লাশ দাফন করা হবে।
মস্কো থেকে বাঙালি কমিউনিটি সূত্রে জানা গেছে, আজ শনিবার মস্কোর স্থানীয় সময় বেলা ১১টায় মস্কো নগরীর প্রসপেক্ট মিরা মসজিদে আবদুল্লাহ আল মামুনের জানাজা অনুষ্ঠিত হবে।
আবদুল্লাহ আল মামুনের ছোট বোন দিনা জহুরা জানান, আশির দশকে ইন্টারমিডিয়েট পাস করে রাজশাহী মেডিকেল কলেজে ভর্তি হয়েছিলেন আবদুল্লাহ আল মামুন। সেখানে কয়েক মাস পড়ার পর স্কলারশিপ নিয়ে চলে যান তৎকালীন সোভিয়েত ইউনিয়নে। সেখানে আন্না নামের এক নারীকে বিয়ে করে স্থায়ী হন। মার্গারিতারও জন্ম রাশিয়াতেই। মাঝেমধ্যে দেশে আসতেন তিনি। গ্রামে তাঁকে সবাই চেনেন সিপার নামে।