চলে গেলেন রবীন ঘোষ
অনেকটা নীরবেই চলে গেলেন সংগীত পরিচালক রবীন ঘোষ। গতকাল শনিবার সকালে গুলশানের একটি ক্লিনিকে তিনি মারা যান। তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। তিনি স্ত্রী অভিনেত্রী শবনম ও ছেলে রনি ঘোষকে রেখে গেছেন। গতকাল বিকেলে ওয়ারীতে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে।
১৯৩৬ সালে ইরাকের বাগদাদে রবীন ঘোষের জন্ম। চাকরিসূত্রে তাঁর বাবা এস এম ঘোষ বাগদাদে আন্তর্জাতিক রেডক্রস সোসাইটিতে চাকরি করতেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পরিবারের সঙ্গে রবীন ঘোষ তৎকালীন পূর্ব পাকিস্তানে ফিরে আসেন।
১৯৫০ সালে তিনি পূর্ব পাকিস্তান রেডিওতে যোগ দেন। তাঁর আরেক ভাই চলচ্চিত্র পরিচালক অশোক ঘোষ। চলচ্চিত্রে সংগীত পরিচালক হিসেবে তাঁর আগমন চলচ্চিত্র নির্মাতা এহতেশামের হাত ধরে। রবীন ঘোষের প্রথম ছবি রাজধানীর বুকে। রবীন ঘোষের সুরারোপিত বিখ্যাত গানের মধ্যে উল্লেখযোগ্য ‘তোমারে লেগেছে এত যে ভালো’, ‘আয়নাতে ওই মুখ দেখবে যখন’, ‘পিচঢালা এ পথটারে ভালোবেসেছি’ ইত্যাদি।
১৯৬৬-৬৭ সালের দিকে তিনি করাচি চলে যান। ১৯৮১ সালে তিনি সপরিবারে ঢাকায় চলে আসেন।