চলে গেলেন রাশিদুলও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিধবা মায়ের একমাত্র ছেলে রাশিদুল (২৮) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে গতকাল বুধবার মারা গেছেন। স্ত্রী সুমি আক্তার আর দুই সন্তান—আড়াই বছরের রাফিদ আর চার মাসের ফাহিমের জন্য রেখে গেছেন গলা পর্যন্ত ঋণ। ভিটেমাটি বন্ধক রেখে পেশায় কৃষক রাশিদুল পাড়ি দিতে চেয়েছিলেন মধ্যপ্রাচ্যে। পেট্রলবোমায় দগ্ধ হয়ে মারা গেলেন।
গত মঙ্গলবার মধ্যরাতে কুমিল্লার চৌদ্দগ্রামে আইকন পরিবহনের বাসে পেট্রলবোমা হামলা হয়। শরীরের ৮০ ভাগ পুড়ে গিয়েছিল তাঁর। পুড়েছিল শ্বাসনালিও। অসহ্য যন্ত্রণা সয়ে গতকাল বিকেল পাঁচটায় তিনি মারা যান। নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রাশিদুল জীবনমৃত্যুর সন্ধিক্ষণেও কয়েকবার তাঁর সাধের পাসপোর্টের খোঁজ করেছেন বলে জানান তাঁর স্বজনেরা। তাঁরা বলছিলেন, কাতাের যেতে ৩ লাখ ২০ হাজার টাকা জোগাড় করতে হয়েছিল রাশিদুলকে। পরের জমি বর্গা চষে ৬০ হাজার টাকা জমিয়েছিলেন। ভিটে বন্ধক রেখে ১ লাখ ২০ হাজার টাকা আর প্রতিবেশী স্বজনদের কাছ থেকে ধার করেছিলেন বাকিটা। দগ্ধ হয়ে হাসপাতালে আসার পর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ১০ হাজার টাকা দেওয়া হয় রাশিদুলকে। সহায়তা বলতে এই। রাশিদুলের অবর্তমানে মা সালমা বেগম, স্ত্রী সুমি আক্তার, দুিট শিশুসন্তান কোথায় গিয়ে দাঁড়াবে, কেউ জানে না।
এই নিয়ে হরতাল-অবরোধে দগ্ধ হয়ে বার্ন ইউনিটে আটজনের মৃত্যু হলো। আরও ১৩ জনের অবস্থা আশঙ্কাজনক। এঁদের তালিকায় আইকন পরিবহনের যাত্রী শফিকুলও আছেন। নিবিড় পরিচর্যা কেন্দ্রে জায়গা হয়নি বলে হাই ডিপেনডেন্সি ইউনিটে রাখা হয়েছে শফিকুলকে। শ্বাসনালি পুড়ে গেছে, গোটা মুখ পুড়ে যেন কয়লা।
বার্ন ইউনিটের চিকিৎসকেরা জানিয়েছেন, নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন জাহাঙ্গীর ও আবদুর রশীদের অবস্থাও আশঙ্কাজনক। এ দুজনই ২৩ জানুয়ারি যাত্রাবাড়ীর বাসে পেট্রলবোমা হামলায় দগ্ধ হয়েছিলেন। জাহাঙ্গীরের ৪৬ শতাংশ পুড়েছে, আবদুর রশিদের ৩৯ শতাংশ। জাহাঙ্গীর পেশায় ট্রাকচালকের সহকারী, আর আবদুর রশিদ অটোচালক। হাই ডিপেনডেন্সি ইউনিটে চিকিৎসাধীন সালাউদ্দিন ভূঁইয়ার অবস্থাও আশঙ্কাজনক। গতকাল বিকেল পর্যন্ত নিবিড় পরিচর্যা কেন্দ্রে জায়গা না থাকায় তাঁকে স্থানান্তর করা যায়নি। সালাউদ্দিনের শরীরের ২৫ শতাংশ পুড়েছে, পুড়েছে শ্বাসতন্ত্রও।
গতকাল পর্যন্ত বার্ন ইউনিটে চিকিৎসা নিয়েছেন ১১২ জন। ৫৯ জন এখনো ভর্তি আছেন। মারা গেছেন আটজন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের ওপর চাপ কমাতে গতকাল রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ২০ শয্যার একটি ইউনিট চালু করা হয়েছে। এ ছাড়া মুগদা জেনারেল হাসপাতালও দু-এক দিনের মধ্যে পুরোপুরি প্রস্তুত হবে। প্রস্তুত রাখা হয়েছে ২০ শয্যার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালও।