চলে গেলেন শিক্ষকনেতা ম. আখতারুজ্জামান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রবীণ শিক্ষকনেতা, শিক্ষাবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ড. ম. আখতারুজ্জামান আর নেই (ইন্না লিল্লাহি...রাজিউন)। গতকাল বৃহস্পতিবার ভোররাতে রাজধানীর বারডেম হাসপাতালে ৭৭ বছর বয়সে তিনি মারা যান। তিনি স্ত্রী, তিন ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য আজ শুক্রবার বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের সামনে এবং সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে মরহুমের মরদেহ রাখা হবে। বাদ জুমা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে বনানীর কবরস্থানে তাঁকে দাফন করা হবে।ম. আখতারুজ্জামান ওয়ার্ল্ড ফেডারেশন অব টিচার্স ইউনিয়নের সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। ১৯৩৩ সালের ১ মার্চ কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার খাসহাওলা গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। বরিশাল বিএম কলেজ ও নটর ডেম কলেজে শিক্ষকতার পর ১৯৬৬ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে উদ্ভিদবিজ্ঞান বিভাগে শিক্ষক হিসেবে যোগ দেন। বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা ছাড়াও তিনি বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকদের অধিকার আদায়ের আন্দোলনসহ গণতান্ত্রিক ও প্রগতিশীল বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন।স্থানীয় সরকারমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও আইনমন্ত্রী শফিক আহমেদ পৃথক শোকবাণীতে শিক্ষার উন্নয়নে ও শিক্ষক আন্দোলনে মরহুমের বিশেষ অবদানের কথা উল্লেখ করেন।এ ছাড়া তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সম্মিলিত সামাজিক আন্দোলনের পক্ষে অজয় রায়, পঙ্কজ ভট্টাচার্য, জিয়াউদ্দিন তারেক আলী ও তবারক হোসেইন, বাংলাদেশ অধ্যক্ষ পরিষদের সভাপতি অধ্যক্ষ মাজহারুল হান্নান, কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এম এ বারী, শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদের সমন্বয়কারী রঞ্জিত কুমার সাহা প্রমুখ।