চলে গেলেন শিশুসাহিত্যিক এখ্লাসউদ্দিন আহমদ
অর্ধশতাব্দীর সাধনায় শিশুসাহিত্যকে সমৃদ্ধ করে অনেকটা নিভৃতেই চলে গেলেন বিশিষ্ট শিশু সাহিত্যিক ও ছড়াকার এখ্লাসউদ্দিন আহমদ (৭৪)। গতকাল বুধবার ভোর সাড়ে চারটায় তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পারিবারিক সূত্রে জানা গেছে, মাস খানেক আগে মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ায় তাঁকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পাঁচ দিন আগে নিবিড় পরিচর্যাকেন্দ্রে নেওয়া হয়। সৌম্যদর্শন, মৃদুভাষী ও অমায়িক এখ্লাসউদ্দিন আহমদ ছিলেন চিরকুমার।
বাংলা একাডেমির সম্মানিত ফেলো এখ্লাসউদ্দিন আহমদের মরদেহ বেলা সাড়ে ১১টায় সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য একাডেমিতে আনা হয়। একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খানসহ সাহিত্যিক, শিল্পী ও সাংস্কৃতজন এবং বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। মহাপরিচালক প্রয়াত এখ্লাসউদ্দিন আহমদের অবদানের কথা তুলে ধরে বলেন, তাঁর এক যে ছিল নেংটি, তুনুর দুপুর, তুনুর হারানো পুতুলগুলো, বৈঠকী ছড়া, প্রতিরোধের ছড়া বইগুলো বাংলা শিশুসাহিত্যের স্বর্ণসম্পদ। গত ষাটের দশকে তাঁর সম্পাদিত কিশোর পত্রিকা টাপুর টুপুর ব্যাপক জনপ্রিয়তা লাভ করে এবং শিশুসাহিত্যে নতুন মাত্রা এনে দেয়। এ ছাড়া চট্টগ্রামের বইঘর প্রকাশনার মাধ্যমে তিনি প্রকাশনা জগতে তিনি আধুনিকতা ও রুচি স্নিগ্ধতা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
বাংলা একাডেমিতে শ্রদ্ধা নিবেদন শেষে প্রথম জানাজার পর মরদেহ আনা হয় মোহাম্মদপুরের জাকির হোসেন রোডে তাঁর বাসভবনে। বাদ জোহর এখানে দ্বিতীয় জানাজার পর বিকেলে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাঁকে অন্তিম শয্যায় শায়িত করা হয়।
এখ্লাসউদ্দিন আহমদের জন্ম ১৯৪০ সালের ১৬ ডিসেম্বর ভারতের পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনার গৌরীপুরে। শিশুতোষ গল্প, উপন্যাস ও সম্পাদিত গ্রন্থ মিলিয়ে প্রকাশনার সংখ্যা অর্ধশতাধিক। শিশুসংগঠক হিসেবেও কাজ করেছেন। ভূমিকা রেখেছেন মহান মুক্তিযুদ্ধে। শিশুসাহিত্য চর্চার পাশাপাশি দৈনিক জনকণ্ঠ-এ দীর্ঘদিন কাজ করেন ফিচার সম্পাদক হিসেবে।
একুশে পদক, বাংলা একাডেমি পুরস্কার, আলাওল সাহিত্য পুরস্কার, অগ্রণী ব্যাংক সাহিত্য পুরস্কার, পশ্চিমবঙ্গ যুব পুরস্কার, হেলসিংকি বিশ্ব যুব উৎসব পুরস্কারসহ বিভিন্ন পদক ও পুরস্কার পেয়েছেন।