চলে গেলেন সাংবাদিক আওলাদ হোসেন
চলে গেলেন সাংবাদিক মোহাম্মদ আওলাদ হোসেন। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৪৯ বছর। তিনি ছিলেন মানবজমিন পত্রিকার বিনোদন বিভাগের জ্যেষ্ঠ প্রতিবেদক।
পেশাগত দায়িত্ব পালন শেষে বৃহস্পতিবার রাত সাড়ে নয়টায় আওলাদ হোসেন তাঁর জিগাতলার বাসায় ফেরেন। রাত ১২টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে দ্রুত ল্যাবএইড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ১২টা ৫০ মিনিটে তিনি মারা যান। কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, মস্তিষ্কে রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে।
গতকাল শুক্রবার পুরান ঢাকার ইসলামপুর জামে মসজিদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, এফডিসি ও চ্যানেল আই কার্যালয়ে তাঁর চার দফা জানাজা হয়। শেষবারের মতো তাঁর মরদেহ নেওয়া হয় দীর্ঘদিনের কর্মস্থল মানবজমিন কার্যালয়ে। সেখান থেকে বিকেল সাড়ে চারটায় আজিমপুর কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। ঢাকা রিপোর্টার্স ইউনিটি ও এফডিসিতে আওলাদ হোসেনের কফিনে শ্রদ্ধা জানিয়েছেন বিশিষ্টজনেরা। এফডিসিতে জানাজার সময় উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, মানবজমিন পত্রিকার প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, বিশিষ্ট অভিনেত্রী ববিতাসহ জ্যেষ্ঠ সাংবাদিক ও চলচ্চিত্রাঙ্গনের বিশিষ্টজনেরা।
মোহাম্মদ আওলাদ হোসেন ১৯৬৬ সালের ১৯ আগস্ট ঢাকার ইসলামপুরে নিজ বাড়িতে জন্মগ্রহণ করেন। ১৯৮৭ সালে দৈনিক খবর-এর সাময়িকী সাপ্তাহিক ছায়াছন্দতে সহ-সম্পাদক হিসেবে সাংবাদিকতা শুরু করেন। ২০০৪ সালে মানবজমিন পত্রিকায় জ্যেষ্ঠ প্রতিবেদক হিসেবে যোগ দেন। এর পাশাপাশি তিনি দৈনিক ও সাপ্তাহিক পত্রিকায় চলচ্চিত্র ও সংস্কৃতিবিষয়ক কলাম এবং প্রতিবেদন লিখে আসছিলেন। শাহবাজ হোসেন ও অপরাজিতা হোসেন নামের দুই সন্তানের জনক তিনি।