চলে গেলেন স্বভাবকবি বিপিন সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিপিন সরকার
বিপিন সরকার

চলে গেলেন অসংখ্য কবিতা, অষ্টক গান, হালুই গান, ধুয়া-বারাসিয়া গানের রচয়িতা স্বভাবকবি বিপিন সরকার। গতকাল শুক্রবার দুপুরে ৯৩ বছর বয়সে নড়াইল পৌরসভার বাহিরডাঙ্গা গ্রামের নিজ বাড়িতে তিনি মারা যান। তিনি স্ত্রী, তিন ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ঘনিষ্ঠ বন্ধু বিপিন সরকারের মৃত্যুতে নড়াইলের সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুর খবর শুনে তাঁর মরদেহকে একনজর দেখতে সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তিত্ব, ভক্ত ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কবির বাড়িতে যান। গতকাল বিকেলে নিজ বাড়ির আঙিনায় কবিকে সমাধিস্থ করা হয়েছে।
বিপিন সরকার এক হাজারের বেশি কবিতা, ২০টি অষ্টক যাত্রাপালা, ১৪টি পালাগান, প্রায় এক হাজার হালুই গান, দুই শতাধিক ধুয়া-বারাসিয়া গান লিখেছেন। তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থের সংখ্যা আটটি।
নড়াইলসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এই স্বভাবকবির যাত্রাপালা, অষ্টক গান, কবিতা, হালুই গান, ধুয়া-বারাসিয়া গান নৌকার মাঝি, কৃষাণ-কৃষাণীদের কাছে অত্যন্ত জনপ্রিয়।