চলে গেলেন স্বৈরাচার বিরোধী আন্দোলনের নেতা জাহাঙ্গীর সাত্তার
নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনের প্রথম সারির নেতা জাহাঙ্গীর সাত্তার টিংকু আর নেই। গতকাল বুধবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্না লিল্লাহি...রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৫০ বছর। দীর্ঘদিন ধরে তিনি মস্তিষ্কের ক্যানসারে ভুগছিলেন। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার বেলা ১১টায় চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ কেন্দ্রীয় জামে মসজিদে জানাজা শেষে তাঁর মরদেহ জন্মস্থান রাউজানের কদলপুর গ্রামে নিয়ে যাওয়া হবে। সেখানে শ্রদ্ধা নিবেদন শেষে পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হবে।জাহাঙ্গীর সাত্তারের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক প্রকাশ করে বলেছেন, ছাত্রসমাজের শিক্ষার অধিকার প্রতিষ্ঠা ও স্বৈরাচারবিরোধী আন্দোলনে তিনি যথোচিত ভূমিকা পালন করেছেন। জাহাঙ্গীর সাত্তারের একসময়ের রাজনৈতিক সহকর্মী ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এম অহিদুজ্জামান প্রথম আলোকে বলেন, ২০১০ সালের নভেম্বরে জাহাঙ্গীর সাত্তারের মস্তিষ্কে টিউমার ধরা পড়ে। এ সময় তাঁকে যুক্তরাষ্ট্র ও সিঙ্গাপুরে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। সেখানে তাঁর ক্যানসার ধরা পড়ে। গুরুতর অসুস্থ হয়ে পড়লে গত মাসে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল ভোররাত তিনটা ৫৫ মিনিটে তিনি মারা যান। ১৯৬৩ সালের ১০ নভেম্বর রাউজানে জন্মগ্রহণ করেন জাহাঙ্গীর সাত্তার। তিনি চট্টগ্রাম সরকারি কলেজ ছাত্র সংসদের নির্বাচিত প্রতিনিধি ছিলেন। ১৯৮৯ সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে তিনি এমবিবিএস পাস করেন। ১৯৮৯-৯০ মেয়াদে জাতীয় ছাত্রলীগের সভাপতি ছিলেন। স্বৈরাচারবিরোধী আন্দোলনের সময় ‘সর্বদলীয় ছাত্র ঐক্য’ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। হাসপাতাল থেকে জাহাঙ্গীর সাত্তারের মরদেহ প্রথমে নেওয়া হয় মগবাজারের বাসায়। বাদ জোহর তাঁর প্রথম জানাজা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুল জলিল, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, ডাকসুর সাবেক ভিপি আমানউল্লাহ আমানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের সাবেক ও বর্তমান নেতারা তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে ঢাকা মেডিকেল কলেজে অনুষ্ঠিত হয় দ্বিতীয় জানাজা। চট্টগ্রাম সমিতির কার্যালয়ে তৃতীয় জানাজা এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে চতুর্থ জানাজা শেষে তাঁর মরদেহ চট্টগ্রামে নেওয়া হয়। বিভিন্ন সংগঠনের শোক: আওয়ামী লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, গণ-অধিকার বাস্তবায়ন পরিষদ, জাসদ, স্বাচিপ, সিজেএফডিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন জাহাঙ্গীর সাত্তারের মৃত্যুতে শোক প্রকাশ করেছে।