চলে গেলেন 'কনসার্ট ফর বাংলাদেশ'-এর শিল্পী লিওন রাসেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিওন রাসেল l ছবি: রয়টার্স
লিওন রাসেল l ছবি: রয়টার্স

সত্তরের দশকে রক অ্যান্ড রোল ধারার জনপ্রিয় মার্কিন গায়ক, গীতিকার এবং গিটার ও পিয়ানোবাদক লিওন রাসেল চলে গেলেন। গত রোববার রাতে যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের ন্যাশভিলে নিজ বাড়িতে ঘুমের মধ্যেই চিরতরে ঘুমিয়ে গেলেন তিনি। বাংলাদেশের বন্ধু মহান মুক্তিযুদ্ধের সমর্থনে ‘কনসার্ট ফর বাংলাদেশ’-এ অংশ নেওয়া অন্যতম এই শিল্পীর বয়স হয়েছিল ৭৪ বছর।
লিওন রাসেলের ওয়েবসাইটে এক বিবৃতিতে তাঁর স্ত্রী জ্যানেট ব্রিজেস জানান, তিনি বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। এ বছরের জুলাইয়ে একবার হৃদ্রোগে আক্রান্ত হন। এর আগে মস্তিষ্ক থেকে একজাতীয় তরল পদার্থ বের হতে শুরু করলে তা বন্ধ করতে ২০১০ সালে একবার অস্ত্রোপচার করতে হয়।
লিওন রাসেলের তারকাখ্যাতির সময়কাল খুব দীর্ঘস্থায়ী ছিল না। কিন্তু তাঁর একসময়ের সহশিল্পী এলটন জনের সঙ্গে ২০১০ সালে দ্য ইউনিয়ন নামে একটি অ্যালবাম প্রকাশের মধ্য দিয়ে গানের জগতে ভালোভাবে ফিরে আসেন তিনি।
লিওন রাসেলের মৃত্যুর খবরে বিমর্ষ এলটন জন এবিসি নিউজকে বলেন, ‘একজন পিয়ানোবাদক, গায়ক ও গীতিকার হিসেবে তিনি আমার ওপর সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করেছিলেন।’
লিওন রাসেল যুক্তরাষ্ট্রের ওকলাহোমায় ১৯৪২ সালের ২ এপ্রিল জন্মগ্রহণ করেন। মাত্র ১৪ বছর বয়সে তিনি হোটেলে গান গাওয়া শুরু করেন। সে সময় তিনি একটি ব্যান্ডে যোগ দেন। দীর্ঘ সংগীতজীবনে ৩৫টি অ্যালবাম প্রকাশ করেন। ২০১১ সালে রক অ্যান্ড রোল হল অব ফেমে ওঠে এই শিল্পীর নাম। ফ্রাঙ্ক সিনাত্রা, বব ডিলান, এরিক ক্ল্যাপটন, টিনা টার্নারের মতো বিখ্যাত শিল্পীর সঙ্গে গিটার বাজিয়ে মঞ্চ মাতিয়েছেন তিনি।
১৯৭১ সালের ১ আগস্ট যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে অনুষ্ঠিত ‘কনসার্ট ফর বাংলাদেশ’-এ তিনি সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। ভারতের পণ্ডিত রবিশঙ্কর ও জর্জ হ্যারিসনের আহ্বানে তিনি ওই কনসার্টে অংশ নেন। সেদিন তিনি গিটারের পাশাপাশি পিয়ানো বাজিয়ে ১০ মিনিটের একটি মেডলিতে ‘ইয়াং ব্লাড’ গানটির কিছু অংশ গেয়েছিলেন।