
‘আপনার চোখের সামনে ৪ কাপ চা ১২ কাপ হয়ে যেত, ২০টি শিঙাড়া পেতাম ১০টি শিঙাড়ার দামে। একমাত্র আপনার দোকানেই এই ম্যাজিক সম্ভব হতো। আজ থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এই ম্যাজিক বন্ধ হলো। শান্তিতে থাকুন প্রিয় মউ।’
সামাজিক যোগাযোগেরমাধ্যমে ফেসবুকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘মউর দোয়ানের’ মউ (মামা) গুরা মিয়া সওদাগরকে নিয়ে এমন শোক লেখন লিখেছেন বিশ্ববিদ্যালয়ের ২৮তম ব্যাচের প্রাক্তন ছাত্র আবু নঈম মাহতাব মোর্শেদ। গতকাল শুক্রবার সকালে অসুস্থ হয়ে পড়লে ৭০ বছর বয়সী গুরা মিয়াকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নেওয়ার পর সকাল সাড়ে আটটায় চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীর প্রিয় মউয়ের মৃত্যুর খবর সঙ্গে সঙ্গে ছড়িয়ে পড়ে ফেসবুকে। শোক ও সমবেদনায় ভরে ওঠে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের ফেসবুক ওয়াল। এই শোক আরও তীব্র হয়ে ওঠে যখন জানা যায়, স্বামী হারানোর শোক সইতে না পেরে কয়েক ঘণ্টার ব্যবধানে মৃত্যুর কোলে ঢলে পড়েন গুরা মিয়ার স্ত্রী সুরাইয়া খাতুনও (৬০)।
গুরা মিয়ার বড় ছেলে মো. বশর প্রথম আলোকে বলেন, ‘বাবা হৃদ্রোগ ও কিডনির সমস্যায় ভুগছিলেন। শুক্রবার ভোরে অসুস্থ হয়ে গেলে তাঁকে তৎক্ষণাৎ চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। বাবাকে দাফন করে আসার পর সন্ধ্যায় কাঁদতে কাঁদতেই মা মারা গেলেন। আমরা ছয় ভাইবোন একই দিন বাবা-মাকে হারালাম। কষ্টে বুক ফেটে যাচ্ছে।’
বিশ্ববিদ্যালয় রেলস্টেশনের পাশে ছোট্ট ঝুপড়ি দোকান চালাতেন মউ। ‘মউর দোয়ান’ নামে নামফলকও ছিল দোকানটির। প্রচলিত আছে, শিক্ষার্থীদের কাছ থেকে কখনো খাবারের দাম চাইতেন না মউ। নাশতা শেষে হিসাব করে শিক্ষার্থীরা বিল মিটিয়ে দিতেন। মউর দোকানের শিঙাড়ার বিশেষ কদরও আছে শিক্ষার্থীদের কাছে। পুরোনো শিক্ষার্থীরা ক্যাম্পাসে বেড়াতে এলে একবার সেই শিঙাড়ার স্বাদ নিতে ভুলতেন না।
১৯৮৪ সালে গুর মিয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেলস্টেশন এলাকায় দোকান দেন। এরপর থেকে নিজেই চালিয়েছেন দোকান। দোকানে গেলেই দেখা যেত মউ চেয়ারে বসে আছেন। কখনো বানাচ্ছেন শিঙাড়া, সমুচা, পুরি, পরোটা-রুটি। মউর দোকানে পাওয়া যেত ডিম খিচুড়ি, পরোটা-ভাজি, চা ও কোমল পানীয়।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকদের কাছেও পরিচিত ছিলেন মউ। বাংলা বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের পরীক্ষায় ‘মউর দোয়ান’ নিয়ে ১০ নম্বরের প্রশ্ন এসেছিল। শিক্ষার্থীদের এই বিষয়ে কবিতা রচনা করতে বলা হয়েছিল।
বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. ফখরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘মউর দোকান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অংশ হয়ে গেছে। তাই বিষয়টি নিয়ে পরীক্ষায় প্রশ্ন করা হয়েছিল।’
গতকাল বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেলস্টেশনের পাশে বখতিয়ার ফকির মাজারে নামাজে জানাজা অনুষ্ঠিত হয় মউর। সেখানে কবর দেওয়া হয় তাঁকে। আজ শনিবার সকালে গুরা মিয়ার স্ত্রী সুরাইয়া খাতুনের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। দাফন করা হবে স্বামীর পাশে।