চলে না তিনটি ইউনিট, আরও একটি গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র
গ্যাসের অভাবে চট্টগ্রামের রাউজান ও শিকলবাহা তাপবিদ্যুৎকেন্দ্রের তিনটি ইউনিট প্রায় চার মাস বন্ধ ছিল। এ তিন ইউনিটের মোট উৎপাদনক্ষমতা ৪৮০ মেগাওয়াট। এদিকে শিকলবাহায় প্রায় ৬০০ কোটি টাকা ব্যয়ে আরও একটি গ্যাসভিত্তিক বিদ্যুৎ ইউনিট নির্মাণ করা হয়েছে। গ্যাস সরবরাহ পাওয়া গেলে শিকলবাহা পিকিং পাওয়ার প্রকল্প নামের এ ইউনিটে চলতি এপ্রিলের শেষ সপ্তাহে বিদ্যুৎ উৎপাদন শুরু করার কথা। বাখরাবাদ গ্যাস সিস্টেমস লিমিটেড (বিজিএসএল) সূত্রে জানা যায়, গ্যাস সংকটের কারণে গত বছরের ৮ নভেম্বর রাউজান তাপবিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিট এবং শিকলবাহা তাপবিদ্যুৎকেন্দ্র বন্ধ করে দেওয়া হয়। কর্ণফুলী ইউরিয়া সার কারখানার (কাফকো) বড় ধরনের মেরামত কাজ (ওভারহোলিং) শুরু হলে গত ২৭ ফেব্রুয়ারি থেকে সেখানে গ্যাস সরবরাহ বন্ধ করে ওই গ্যাস রাউজান ও শিকলবাহায় সরবরাহ করা হয়। বর্তমানে রাউজান তাপবিদ্যুৎকেন্দ্রের এক নম্বর ইউনিট থেকে ১০০ এবং শিকলবাহা তাপবিদ্যুৎকেন্দ্র থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যায়। তবে পর্যাপ্ত গ্যাস সরবরাহ না থাকায় দুটি বিদ্যুৎকেন্দ্রের কোনো ইউনিটই পুরোদমে চালু করা যায়নি। রাউজানের দুটি ইউনিটের মোট উৎপাদনক্ষমতা ৪২০ এবং শিকলবাহার উৎপাদনক্ষমতা ৬২ মেগাওয়াট। কাফকো আবার উৎপাদন শুরু করলে এ দুই কেন্দ্রে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাবে। কারণ, কাফকোতে সার্বক্ষণিক গ্যাস সরবরাহ দিতে পেট্রোবাংলার বাধ্যবাধকতা রয়েছে।জানা গেছে, ১৫০ মেগাওয়াট উৎপাদনক্ষমতার নতুন শিকলবাহা পিকিং পাওয়ার ইউনিট পুরোদমে চালু করতে দৈনিক প্রায় তিন কোটি ৮০ লাখ ঘনফুট গ্যাস দরকার। সান্ধ্যকালীন পিক আওয়ারে (সর্বোচ্চ চাহিদার সময়) সরবরাহের জন্য এ ইউনিট নির্মাণ করা হয়েছে।শিকলবাহা পিকিং পাওয়ার প্রকল্পের পরিচালক মো. আসাদ উল্লাহ মিয়া প্রথম আলোকে বলেন, ‘এপ্রিলের শেষ সপ্তাহ নাগাদ নতুন এ বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন শুরুর লক্ষ্যে আমরা দিন-রাত কাজ করছি। প্রয়োজনে চট্টগ্রামের পুরাতন তাপবিদ্যুৎকেন্দ্রগুলোতে গ্যাস সরবরাহ বন্ধ রেখে এখানে সরবরাহ করতে হবে।’ তিনি বলেন, শিকলবাহার তাপবিদ্যুৎকেন্দ্রে বর্তমানে ১১ মিলিয়ন ঘনফুট গ্যাস থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাচ্ছে। এর সঙ্গে আরও ২৭ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া গেলে এ প্রকল্প পুরোদমে চালু থাকবে। এতে হয়তো অন্য কেন্দ্রগুলো বন্ধ রাখতে হবে। আগের তিনটি গ্যাসভিত্তিক ইউনিটে গ্যাস সরবরাহ অনিয়মিত হওয়া সত্ত্বেও আরও একটি গ্যাসভিত্তিক প্রকল্প করা সম্পর্কে প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘প্রকল্পটি স্থাপনের সিদ্ধান্ত যখন নেওয়া হয়েছিল, তখন চট্টগ্রামেই পর্যাপ্ত গ্যাস ছিল। সাঙ্গুর উৎপাদন তখনো ৯০ মিলিয়ন ঘনফুটের ওপর ছিল। এখন তা ২৫ মিলিয়ন ঘনফুটে নেমে এসেছে। তবে গ্যাসের দুষ্প্রাপ্যতার কারণে আমরা এটিকে দ্বৈত জ্বালানি ব্যবস্থার (ডুয়েল ফুয়েল) করার প্রস্তাব করেছি। বিকল্প জ্বালানি হিসেবে এতে ডিজেল ব্যবহার করা যাবে। তবে ডিজেল ব্যবহারের কারণে বিদ্যুতের উৎপাদন ব্যয় তিনগুণ বেড়ে যেতে পারে।’ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সূত্রে জানা যায়, ২০০৮ সালের ২০ ফেব্রুয়ারি পিডিবি ও চীনের চিনো হাইড্রো করপোরেশনের মধ্যে গ্যাসভিত্তিক এ প্রকল্প নির্মাণের চুক্তি হয়। এটি কেবল গ্যাসভিত্তিক বিদ্যুৎ প্রকল্প হিসেবে নির্মাণের বিষয়টি চুক্তিতে উল্লেখ থাকলেও পিডিবির কর্মকর্তারা এটিকে দ্বৈত জ্বালানি ব্যবস্থায় রূপান্তরের জন্য জ্বালানি মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছেন।