চলেই যেতে হলো আমেনাকে
আগুন থেকে বাঁচার জন্য পাঁচতলা ভবন থেকে লাফিয়ে পড়েছিলেন তাজরীন ফ্যাশনস লিমিটেডের অপারেটর আমেনা বেগম (৩৫)। ভবনের পাশে একটি টিনের চালের ওপর পড়ে সে যাত্রায় বেঁচে যান তিনি। কিন্তু তাঁর শেষ রক্ষা হয়নি। আঘাতজনিত অসুস্থতায় দীর্ঘ ভোগান্তির পর আজ বুধবার ভোররাতে চিকিত্সাধীন অবস্থায় মারা গেছেন তিনি।
রাজধানীর উপকণ্ঠ আশুলিয়ার নিশ্চিন্তপুরে অবস্থিত তোবা গ্রুপের ওই পোশাক কারখানায় ২০১২ সালের ২৪ নভেম্বর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নয়তলা ভবনের ছয়তলা ভস্মীভূত হয়ে যায়। আগুনে পুড়ে অঙ্গার হয় শতাধিক প্রাণ। আহত হন অনেক শ্রমিক।
আমেনার স্বামী আবুল হোসেন জানান, ঘটনার দিন তাঁর স্ত্রী ওই ভবনের পাঁচতলায় কাজ করছিলেন। চোখের সামনে সহকর্মীদের পুড়ে অঙ্গার হতে দেখেন তিনি। ভবন থেকে বের হওয়ার কোনো পথ তাঁর সামনে খোলা ছিল না। উপায় না পেয়ে বাঁচার আশায় পাঁচতলা থেকে লাফিয়ে পড়েন নিচে। ভবনের পাশে থাকা টিনের একটি ঘরের চালার ওপর পড়েন। আপাতত প্রাণে বাঁচেন আমেনা। কিন্তু বুকে, মাথায় ও হাতে প্রচণ্ড আঘাত পান। এ জন্য তাঁকে রাজধানীর ট্রমা সেন্টারে দীর্ঘদিন চিকিত্সা নিতে হয়।
একপর্যায়ে বাড়ি ফিরলেও পুরোপুরি সুস্থ হয়ে ওঠা হয়নি আমেনার। একের পর এক শারীরিক সমস্যা দেখা দিতে থাকে। চলতি বছরের জুনে অবস্থার অবনতি হলে তাঁকে রাজধানীর পান্থপথের একটি হাসপাতালে ভর্তি করা হয়।
আবুল হোসেন বলেন, পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিত্সকেরা তাঁদের জানান, আমেনার পিত্তে পাথর হয়েছে। অস্ত্রোপচার করতে হবে। অস্ত্রোপচার শেষে চিকিত্সক বলেন, এটি পাথর নয়। বুকের প্রচণ্ড আঘাত লাগায় কোষের অস্বাভাবিক বৃদ্ধি থেকে ক্যানসার হয়েছে। চিকিত্সকদের পরামর্শে দিন দশেক আগে আমেনাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়। চিকিত্সাধীন অবস্থায় আজ ভোররাত চারটার দিকে মারা যান তিনি।
বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাভার-আশুলিয়া আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক খায়রুল মামুন অভিযোগ করেন, সকাল নয়টার দিকে আমেনার লাশ আশুলিয়ার নিশ্চিন্তপুরে তাজরীন ফ্যাশনসের সামনে আনা হয়। প্রতিবাদ-বিক্ষোভ করতে চাইলে পুলিশ তাঁদের সরিয়ে দেয়। এরপর আমেনার লাশবাহী গাড়ি তাঁর গ্রামের বাড়ি লালমনিরহাট সদর উপজেলার গরিয়াদহ গ্রামের উদ্দেশে রওনা হয়।
শিল্পপুলিশ আশুলিয়া জোনের পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান এই অভিযোগ অস্বীকার করেন।
আমেনার স্বামী বলেন, উপযুক্ত ক্ষতিপূরণ ও সরকারের পক্ষ থেকে উন্নত চিকিত্সার উদ্যোগ নেওয়া হলে তাঁর স্ত্রী মারা যেতেন না।