চলেন তিনি আপন খেয়ালে
নীলফামারীর ডিমলা উপজেলার গয়াবাড়ী ১ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে। ওই বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যরা এসব অভিযোগ করেছেন।গত রোববার জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় থেকে এসব অভিযোগের তদন্ত করা হয়। বিদ্যালয়ের সহকারী শিক্ষক আরতি রানী রায় বলেন, ‘এই বিদ্যালয়ে নয়জন শিক্ষকের মধ্যে সাতজনই নারী। আমরা সবাই এক কক্ষে বসি। কিন্তু প্রধান শিক্ষক প্রায়ই গায়ের জামা খুলে বসে থাকেন। টেবিলে মাথা রেখে ঘুমান। তিনি লুঙ্গি পরেও বিদ্যালয়ে আসেন।’কয়েকজন শিক্ষক ও এলাকাবাসী জানান, অভিযুক্ত শিক্ষক কাজী ইনছান আলী অহংকার করে বলেন, ‘এর আগেও ১২-১৩ বার কারণ দর্শাও নোটিশ পেয়েছি; কিন্তু কিছুই হয়নি। আগের পরিচালনা কমিটির সঙ্গে দ্বন্দ্বের কারণে তিনবার বদলি হয়েছি। তাতে কী হয়েছে। আমাকে তো আর বান্দরবানে দেয়নি!’শিক্ষার্থীরা জানায়, ওই শিক্ষক এই বিদ্যালয়ে যোগদানের পর পঞ্চম শ্রেণীতে গণিতের ক্লাস নেন। তিনি ঠিকমতো অঙ্ক করাতে পারেন না। ভুল করেন। শ্রেণীকক্ষে গণিতের সমাধান বই এনে অঙ্ক করান।বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবদুর রহিম সরকার বলেন, ‘প্রধান শিক্ষক হিসেবে ইনছান আলী গত জানুয়ারি মাসে এই বিদ্যালয়ে যোগদান করেন। এর আগে তিনি যেসব বিদ্যালয়ে ছিলেন, সেখানে তিনি অস্বাভাবিক ও ন্যক্কারজনক আচরণ করতেন। এ কারণে তাঁকে যখন এ বিদ্যালয়ে নিয়োগ দেওয়া হয়, তখন শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর পক্ষ থেকে আপত্তি জানানো হয়। এ সময় ইনছান আলী আমাকে বলেন, “আমাকে একবার ভালো হওয়ার সুযোগ দেন।” এ কথার জন্য সবাইকে বুঝিয়ে আমি তাঁর ব্যাপারে সুপারিশ করি। কিন্তু তিনি এখানে এসে কাউকে তোয়াক্কা না করে খেয়াল-খুশিমতো কাজ করছেন।’অভিভাবক প্রবীর কুমার নন্দ প্রতিষ্ঠানটির সুনাম রক্ষায় ওই প্রধান শিক্ষকের দ্রুত বদলির দাবি জানান।তবে ইনছান আলী তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে প্রথম আলোকে বলেন, ‘আমি এখানে যোগদানের পর থেকে বিদ্যালয় পরিচালনা কমিটি আমার বিরোধিতা করছে। এ কারণে তারা এসব অভিযোগ করছে।’জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের পরিবীক্ষণ কর্মকর্তা মিজানুর রহমান বলেন, স্থানীয় অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী ও পরিচালনা কমিটির লিখিত অভিযোগের ভিত্তিতে ইনছান আলীর বিরুদ্ধে তদন্ত চলছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কিছু বলা যাবে না।