মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণসভায় বক্তারা
চল্লিশ বছরেও মুক্তিযুদ্ধ সম্পর্কে নির্ভুল ইতিহাস রচিত হয়নি
বাংলাদেশ স্বাধীনের ৪০ বছরেও মুক্তিযুদ্ধ সম্পর্কে একটি নির্ভুল ইতিহাস রচিত হয়নি। স্বাধীনতার পরাজিত শত্রুরা দেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে ষড়যন্ত্র করেছে। সঠিক ইতিহাসকে বিকৃত করে নতুন প্রজন্মকে ভুল শিক্ষা দিচ্ছে।গতকাল শনিবার বেলা সাড়ে চারটায় বাংলাদেশ এথিকস ক্লাবের উদ্যোগে সিলেট সরকারি মহিলা কলেজ মিলনায়তনে মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে আয়োজিত সভায় বক্তারা এসব কথা বলেন। ১৯৭১ সালের ওই দিন সিলেট সদর হাসপাতালে কর্তব্যরত অবস্থায় পাকস্তানি সেনাবাহিনীর হাতে নির্মমভাবে চিকিৎসক শামসুদ্দিন আহমদ, শ্যামল কান্তি লালাসহ সাতজন শহীদ হয়েছিলেন।সংগঠনের সভাপতি এম ই চৌধুরী শামীমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ কামরান। বিশেষ অতিথির বক্তব্য দেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সালেহ উদ্দিন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ওসুল আহমদ চৌধুরী, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, বিএমএর কেন্দ্রীয় সহসভাপতি এহেতেশামুল হক, মুক্তিযোদ্ধা কর্নেল (অব.) এম এ সালাম, উন্নয়ন সংস্থা এফআইডিভির নির্বাহী পরিচালক জেহিন আহমদ। বক্তারা আরও বলেন, ১৯৭১ সালের ৯ এপ্রিল মুক্তিযোদ্ধাদের চিকিৎসা করতে গিয়ে অপারেশন থিয়েটারে পাকিস্তানি সেনাবাহিনীর গুলিতে সিলেট সদর হাসপাতালের চিকিৎসক শামসুদ্দিন আহমদ, শ্যামল কান্তি লালাসহ হাসপাতালের সাতজন কর্মকর্তা-কর্মচারী প্রাণ হারান। তবে দুঃখজনক হলেও সত্য, কোনো সরকারই আজ পর্যন্ত এই শহীদদের রাষ্ট্রীয়ভাবে কোনো সম্মান জানায়নি।আলোচনা সভার আগে বেলা চারটায় নগরের চৌহাট্টা এলাকায় চিকিৎসক শামসুদ্দিন আহমদ, শ্যামল কান্তি লালাসহ অন্য শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়।