চল্লিশোর্ধ্ব ২ শতাংশ মানুষ গ্লুকোমায় আক্রান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে চল্লিশোর্ধ্ব মানুষের শতকরা দুজন গ্লুকোমা রোগে আক্রান্ত। সঠিক সময়ে চিকিৎসা শুরু না হলে এই রোগের পরিণতি হলো অন্ধত্ব। তাই চোখের স্থায়ী ক্ষতি হওয়ার আগেই এর চিকিৎসা শুরু করতে হবে।
বাংলাদেশ গ্লুকোমা সোসাইটির ষষ্ঠ জাতীয় এবং প্রথম আন্তর্জাতিক সম্মেলনে বক্তারা এ কথা বলেছেন। গতকাল শুক্রবার ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হওয়া ওই সম্মেলনে দেশ-বিদেশের চার শতাধিক চক্ষু বিশেষজ্ঞ অংশ নেন।
সন্ধ্যা সাতটায় সম্মেলনের উদ্বোধন করেন চক্ষু বিশেষজ্ঞ এবং প্রধানমন্ত্রীর সাবেক স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী। বক্তৃতা করেন বাংলাদেশ গ্লুকোমা সোসাইটির সভাপতি এম নজরুল ইসলাম, গ্লুকোমা সোসাইটির মহাসচিব নাজনীন খান, চক্ষু বিশেষজ্ঞ আভা হোসেন, শেখ এম এ মান্নাফ, মো. আরিফ মিয়া, শরফুদ্দিন প্রমুখ।
সম্মেলনে গ্লুকোমা বিষয়ে ৩০টি প্রবন্ধ পাঠ করা হয়। যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, ভারতসহ বিভিন্ন দেশের চক্ষু বিশেষজ্ঞরা সম্মেলনে যোগ দেন। আজ শনিবার এ সম্মেলন শেষ হবে।