চসিকে এবার ৪৬ ওয়ার্ড সচিবকে বদলি
চট্টগ্রাম সিটি করপোরেশনে (চসিক) আবারও বড় ধরনের বদলির ঘটনা ঘটেছে। এবার ওয়ার্ড সচিবদের কর্মস্থল পরিবর্তন করা হয়েছে।
আজ সোমবার করপোরেশনের ৪৬ ওয়ার্ড সচিবসহ ৪৮ জনকে বদলি করা হয়। তাঁদের ২০ আগস্টের মধ্যে বিভাগীয় প্রধানের মাধ্যমে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে।
সিটি করপোরেশনের অফিস আদেশ অনুযায়ী, বদলি কর্মচারীদের মধ্যে ৩৯ জন ওয়ার্ড সচিব, ৭ জন সংরক্ষিত ওয়ার্ডের সচিব, একজন বেঞ্চ সহকারী ও একজন অফিস সহকারী রয়েছে।
সিটি করপোরেশনের সচিব আবু শাহেদ চৌধুরী স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়, প্রশাসনিক কাজে গতিশীলতা আনয়নের স্বার্থে কর্মচারীদের দায়িত্ব পুনর্বণ্টন করা হলো।
এর আগে ১২ আগস্ট রাজস্ব বিভাগে গণবদলি করা হয়েছিল। রাজস্ব বিভাগের রাজস্ব ও ভূসম্পত্তি (এস্টেট) শাখার ৩৯ জন কর্মকর্তা-কর্মচারীকে একযোগে কর্মস্থল বদলে দেওয়া হয়। একই দিন অন্যান্য বিভাগের পাঁচ কর্মচারীকেও বদলি করা হয়।
এই প্রসঙ্গে সিটি করপোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজন বলেছিলেন, দীর্ঘদিন ধরে একই জায়গায় থাকা কর্মকর্তা-কর্মচারীদের বদলি করা হচ্ছে। বিভিন্ন অনিয়ম দূর ও করপোরেশনের কাজে গতিশীলতা-শৃঙ্খলা আনতে এ বদলি করা হচ্ছে।