চসিকের ময়লার গাড়ির ধাক্কায় ব্যবসায়ী নিহত
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ময়লার গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত খোরশেদ আলমের (৪৭) নগরীর আন্দরকিল্লায় ছাপাখানার দোকান রয়েছে। এ ঘটনায় গাড়ির চালককে আটক করার কথা জানিয়েছে পুলিশ।
গতকাল বুধবার রাত ১২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের সামনে খোরশেদের মোটরসাইকেলকে ধাক্কা দেয় চসিকের ময়লার গাড়ি। পরে চমেক হাসপাতালে নেওয়ার দুই ঘণ্টা পর তাঁর মৃত্যু হয়।
পাঁচলাইশ থানার উপপরিদর্শক (এসআই) আবদুল মান্নান জানান, রাতে মোটরসাইকেলে যাওয়ার সময় চমেক এলাকার ল্যানসেট ডায়াগনস্টিক সেন্টারের সামনে চসিকের একটি ময়লার গাড়ি পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় রাস্তায় পড়ে গিয়ে খোরশেদ গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে চমেক হাসপাতালে নিয়ে গেলে দুই ঘণ্টা পর তাঁর মৃত্যু হয়।
পুলিশ সিটি করপোরেশনের ময়লার গাড়ি ও এর চালক মোহাম্মদ হারুনকে আটক করেছে।
নিহত খোরশেদ চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার দক্ষিণ কড়ইতলী এলাকার জহিরুল হকের ছেলে। তিনি নগরীর আন্দরকিল্লা ঘাটফরহাদবেগ এলাকায় পরিবার নিয়ে থাকতেন।
চসিক নির্বাহী প্রকৌশলী মির্জা ফজলুল কাদের প্রথম আলোকে বলেন, চালক মোহাম্মদ হারুন প্রায় ২০ বছর ধরে সিটি করপোরেশনে কর্মরত। তবে তাঁর নিয়োগ অস্থায়ী। চালকের লাইসেন্স রয়েছে বলেও দাবি করেন এই কর্মকর্তা।