চা ও পান খেলে খেলা দেখা ফ্রি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক কাপ চা আর এক খিলি পান খেলে বিশ্বকাপ ফুটবল খেলা দেখা যাবে বিনা মূল্যে৷ কিশোরগঞ্জের নিকলী উপজেলার সাতটি ইউনিয়নের তিন শতাধিক চায়ের দোকানে এভাবেই খেলা দেখানো হচ্ছে।
সারা দেশে বিশ্বকাপ ফুটবল নিয়ে চলছে উন্মাদনা৷ অজপাড়াগাঁয়েও ফুটবল নিয়ে মাতামাতির কমতি নেই৷ আর এ সুযোগ কাজে লাগিয়ে ভালো আয় হচ্ছে নিকলী উপজেলার চায়ের দোকানদারদের। তাঁরা লোকজনকে চার টাকায় এক কাপ চা ও চার টাকা দিয়ে এক খিলি পান খাওয়ার দাওয়াত দিয়ে ফুটবল খেলা দেখার আহ্বান জানাচ্ছেন৷
গত বুধবার রাত ১০টায় নিকলী সদর বাজার, নতুন বাজার, মোহরকোনা বাজার, চার রাস্তার মোড়, কূর্শা বাজার, পুড্ডা বাজার, জারুইতলা বাজার, সাজনপুর বাজার, দামপাড়া বাজার, মজলিশপুর বাজার, বৌবাজার, আলিয়াপাড়া বাজার, সিংপুর বাজার ও গুরুই বাজার ঘুরে চায়ের দোকানগুলোতে মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে৷ দোকানে বসা সব লোকের চোখ টেলিভিশনের পর্দায়।
বিশ্বকাপ খেলা দেখতে আসা নিকলী সদর ইউনিয়নের জাপরাবাজ গ্রামের নাছির উদ্দিন বলেন, ‘বাড়িতে টেলিভিশন নাই৷ তাই আট টাকা দিয়ে একটি চা ও একটি পান খেয়ে খেলা দেখতে আসি। খেলা দেখতে ভালোই লাগে৷’ নিকলী সদর বাজারের চা-বিক্রেতা হুমায়ুন মিয়া বলেন, সারা দিনে যত টাকার চা-পান বিক্রি হয়, খেলা শুরু হলে তার চেয়ে তিন গুণ বেশি টাকার চা-পান বিক্রি হয়।