পঞ্চগড় ও ঠাকুরগাঁওয়ের তিনটি উপজেলার ৬০৩ জন ক্ষুদ্র চা-চাষিকে একটি প্রকল্পের আওতায় ১২ লাখ ৬ হাজার চা-চারা ও ১৩ লাখ ১৬ হাজার টাকা দেওয়া হয়েছে। এসব প্রান্তিক চাষির জীবনমান বদলে যেতে শুরু করেছে। পঞ্চগড়ে গতকাল বৃহস্পতিবার দারিদ্র্য বিমোচনে ক্ষুদ্র চা চাষবিষয়ক এক আঞ্চলিক কর্মশালায় এ তথ্য জানানো হয়।
জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সের সম্মেলন কক্ষে যুক্তরাজ্যের দারিদ্র্য বিমোচনবিষয়ক বেসরকারি সংস্থা ট্রেডক্রাফট ও পঞ্চগড়ভিত্তিক উন্নয়ন সংস্থা বিকাশ বাংলাদেশ এই কর্মশালার আয়োজন করে। দুটি সংস্থাই পঞ্চগড়ের দুটি ও ঠাকুরগাঁওয়ের একটি উপজেলায় ‘বাংলাদেশের উত্তরাঞ্চলের ১ হাজার ৫০০ প্রান্তিক চাষি পরিবারের জন্য টেকসই জীবিকা’ শীর্ষক একটি প্রকল্প পরিচালনা করছে। ওই প্রকল্পে অর্থায়ন করছে যুক্তরাজ্যের উন্নয়ন সংস্থা ইউকেএইড।
কর্মশালায় বিকাশ বাংলাদেশের নির্বাহী পরিচালক আলাউদ্দিন প্রধান সভাপতিত্ব করেন। তিনি বলেন, ক্ষুদ্র ও প্রান্তিক এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের চা চাষের মাধ্যমে দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে ২০১৫ সালের অক্টোবর থেকে পঞ্চগড় সদর ও তেঁতুলিয়া এবং ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় প্রকল্পের কার্যক্রম শুরু হয়। প্রকল্পের আওতায় প্রথমে ক্ষুদ্র চা উৎপাদনকারীদের একত্র করে প্রশিক্ষণের মাধ্যমে কারিগরি দক্ষতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়। এরপর তাঁদের আর্থিক অনুদান দেওয়ার মাধ্যমে জীবনমানের উন্নয়ন ঘটানো হচ্ছে। চা উৎপাদনকারীদের নিবন্ধনে সহায়তা ও বাজারজাতকরণে সহায়তা করা হচ্ছে। ক্ষুদ্র চা-চাষিদের নিয়ে তিনটি উপজেলায় ৬০টি সমিতি গঠন করা হয়েছে। এসব সমিতিতে ১ হাজার ৫০০ উপকারভোগী আছেন।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবদুল আলীম খান ওয়ারেশী। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা হাকিম আশরাফুল মোমিন খান। বক্তব্য দেন প্রকল্প সমন্বয়কারী শাহ সুফি মো. আল মোতোয়াক্কেল বিল্লাহ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মির্জা আবুল কালাম দুলাল, তেঁতুলিয়া চা-চাষি সমিতির সভাপতি ইমরান আলী চৌধুরী, বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম, চা-বোর্ডের জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা শামীম আল মামুন, জ্যেষ্ঠ পরিকল্পনা কর্মকর্তা জায়েদ ইমাম সিদ্দিকী, চা-চাষি দেলোয়ার হোসেন প্রমুখ।
দিনব্যাপী এই কর্মশালায় জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা, তিনটি উপজেলার ক্ষুদ্র চা-চাষি, চা-বোর্ডের কর্মকর্তা, চার কারখানার প্রতিনিধি, জনপ্রতিনিধিসহ ২০০ জন উপস্থিত ছিলেন।