চা চাষে স্বপ্ন চাষির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার চাষি আশুতোষ বসাক। তাঁর আবাদি জমির পরিমাণ সাত বিঘা। চার বছর আগে তিনি গমের চাষ করতেন। তখন বছরে ৩৫ থেকে ৪০ হাজার টাকা আয় হতো। এখন চা চাষ করে মাসেই তাঁর গড় আয় প্রায় ৩৫ হাজার টাকা।
গম, ভুট্টা ও ধানের চেয়ে লাভ বেশি হওয়ায় বালিয়াডাঙ্গীর ছোট চাষিরা চা চাষে আগ্রহী হচ্ছেন। চা-বাগানে কর্মসংস্থানের সুযোগও হচ্ছে অনেকের। বর্তমানে বালিয়াডাঙ্গীর সীমান্তবর্তী নিটোলডোবা, পাড়িয়া, বেউড়ঝাড়ী, কদমতলি, রনবাগ ও পঞ্চুরহাট গ্রামে ৭৩ জন চা-চাষি আছেন।
বালিয়াডাঙ্গীর কদমতলি গ্রামের আরেক কৃষক অকূল সিংহ। তিনি বলেন, ‘তিন বছর আগে এই গ্রামে আমি প্রথম চা-বাগান করি। পাঁচ থেকে সাত বছর আগে এসব জমি পতিত ছিল, গরু চরে বেড়াত।’ অকূল আরও বলেন, তিনি বাগান থেকে ১৫ দিন পর পর চা-পাতা তোলেন। গত মাসে ৩০ হাজার টাকার চা-পাতা বিক্রি করেছেন। চা চাষ খুবই লাভজনক।
বাংলাদেশ চা বোর্ডের পঞ্চগড় আঞ্চলিক কার্যালয় সূত্রে জানা যায়, বালিয়াডাঙ্গী ছাড়াও ঠাকুরগাঁও সদর, রানীশংকৈল ও হরিপুর উপজেলার কিছু এলাকায় চা আবাদের সম্ভাবনা রয়েছে। এখানকার ২৫ হাজার একর জমিতে চা চাষ সম্ভব। এখানে চা চাষ শুরু হয় ২০০৭ সালে। এখন ৩৩৫ একর জমিতে চা হচ্ছে। এর প্রায় অর্ধেক ছোট ছোট বাগান। এ ছাড়া বালিয়াডাঙ্গীতে দুটি বেসরকারি কোম্পানির বাগান আছে।
বেসরকারি কোম্পানি গ্রিনফিল্ড টি এস্টেটের বাগানটি ৫০ একরের। এর ব্যবস্থাপক ইব্রাহিম খলিল বলেন, তাঁরা ৭০ জন ক্ষুদ্র চা-চাষিকে সহায়তা দিচ্ছেন। গত বছর তাঁরা নিজস্ব বাগান ও চাষিদের কাছ থেকে প্রায় চার লাখ কেজি কাঁচা চা-পাতা তুলেছেন। তাঁদের এবারের লক্ষ্যমাত্রা সাত লাখ কেজি।
অন্য বেসরকারি কোম্পানি রনবাগ ইসলাম টি এস্টেটের বাগানটি ১৩০ একরের। এর ব্যবস্থাপক মোহাম্মদ শাহজাহান বলেন, চা-বাগান ঘিরে এই জেলায় ইতিমধ্যে দুই হাজার মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। এ বাগানেই আছেন ২৫০ জন শ্রমিক।
বালিয়াডাঙ্গীতে একটি বাগানে কাজ করছিলেন লাল বাহাদুর (৫০) ও রেজিয়া (৪৫) দম্পতি। লালবাহাদুর বলেন, আগে কাজ পেতেন না। এ-বাড়ি ও-বাড়ি কামলা দিতেন। হয়তো এক বেলা খাবার জুটত। বাগানে এখন তাঁর মজুরি ১৭০ টাকা।
লাল বাহাদুরের স্ত্রী রেজিয়ার মজুরি একটু কম। বাগানে নিড়ানি দিতে দিতে একটি কুঁড়ি ও দুটি পাতা দেখিয়ে রেজিয়া বলেন, ‘পাতা তুলি আর নিড়ানি দি দিনোত ১২০ টাকা কামাই। ইটা এক সপ্তা পর তুইলব। এই কুঁড়িই হামার রুজি।’
বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটের উত্তরবঙ্গ কার্যালয়ের সিনিয়র ফার্ম অ্যাসিস্ট্যান্ট জায়েদ ইমাম সিদ্দিকি বলেন, ঠাকুরগাঁও হিমালয় পাদদেশের সমতল প্রান্তভূমি। সিলেটের চেয়ে এখানকার মাটি চা চাষের জন্য বেশি উপযোগী। সীমান্তের ওপারে দার্জিলিংয়ের চা পৃথিবীখ্যাত। তিনি বলেন, ‘আমাদের এখানেও ভালো মানের চা উৎপাদন হবে। বড় বিনিয়োগ ও সরকারের পৃষ্ঠপোষকতা পেলে এখানে চা শিল্প গড়ে উঠতে পারে।’
জায়েদ ইমাম সিদ্দিকি আরও বলেন, বাংলাদেশ চা বোর্ডের একটি বিশেষজ্ঞ দল ১৯৯৯ সালে পঞ্চগড়-ঠাকুরগাঁওসহ উত্তরাঞ্চলের পুরো সীমান্ত এলাকায় চা চাষের সম্ভাবনা যাচাই করে। দলটি বলেছিল, এখানকার মাটি বেলে-দোআঁশ ও অম্লধর্মী। বৃষ্টির পানি জমে থাকে না। মাটিতে প্রয়োজনীয় উপাদান আছে।