চা দিতে দেরি হওয়ায় দোকান গুঁড়িয়ে দিলেন যুবলীগ নেতা
জামালপুরের সরিষাবাড়ীতে চা দিতে দেরি হওয়ায় গত বুধবার রাতে হরখালী সেতুর পাশে এক চায়ের দোকান গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শী ব্যক্তি ও অভিযোগ থেকে জানা গেছে, উপজেলার ডোয়াইল ইউনিয়নের হরখালী সেতুর পাড়ে শফিকের চায়ের দোকানে ইউনিয়ন যুবলীগের সাংস্কৃতিক সম্পাদক মিল্টন মিয়া ও তাঁর দলবল চা পান করতে যায়।
মিল্টন চা চান। দিতে একটু দেরি হওয়ায় মিল্টনের নির্দেশে তাঁর দলবল শফিকের চায়ের দোকান ভাঙচুর করে গুঁড়িয়ে দেয়। তারা চায়ের দোকানে রাখা টেলিভিশনসহ প্রায় ২০ হাজার টাকার সম্পদ ধ্বংস করে।
চায়ের দোকানদার বলেন, ‘চা দিতে একটু দেরি হলে মিল্টন ও তাঁর দলবল আমার দোকানটি ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। এখন আমি পুলাপান নিয়ে কী কইরে খামু, বাচমু।’
মিল্টন মিয়ার সঙ্গে মুঠোফানে যোগাযোগ করে না পাওয়ায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ ব্যাপারে জানতে চাইলে ডোয়াইল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাসুদ পারভেজ প্রথম আলোকে বলেন, ‘শফিকের চায়ের দোকান ভাঙচুর করা হয়েছে। কে বা কারা ভাঙচুর করেছে, তা আমি জানি না।’
ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন জানান, শফিকের দোকান ভাঙচুরের ঘটনায় যুবলীগের কোনো নেতা-কর্মী জড়িত নন।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম কামরুল আহসান গতকাল প্রথম আলোকে জানান, ওই ঘটনায় থানায় কোনো মামলা হয়নি।