চা-দোকানি হত্যা মামলা ডিবিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগুনে ফেলে চা-দোকানি বাবুল মাতবরকে হত্যার ঘটনায় করা মামলাটির তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশকে (ডিবি)।

আজ সোমবার প্রথম আলোকে এ কথা জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মো. মারুফ হোসেন সরদার। তিনি বলেন, আজ দুপুরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে তদন্তকারী কর্মকর্তা এখনো ঠিক করা হয়নি।

বাবুলকে পুড়িয়ে মারার ঘটনায় ডিএমপি সদর দপ্তরের কমিটি শাহ আলী থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) পাঁচ সদস্যকে অভিযুক্ত করে। তদন্ত প্রতিবেদনে এই পুলিশ সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়। অভিযুক্ত পুলিশ কর্মকর্তারা হলেন শাহ আলী থানার তৎকালীন ওসি এ কে এম শাহীন মণ্ডল, উপপরিদর্শক (এসআই) মমিনুর রহমান খান ও এসআই নিয়াজউদ্দিন মোল্লা, এএসআই দেবেন্দ্র নাথ ও কনস্টেবল জসিমউদ্দিন। মমিনুর, নিয়াজউদ্দিন ও দেবেন্দ্র নাথকে ইতিমধ্যে সাময়িক বরখাস্ত এবং এ কে এম শাহীন মণ্ডলকে প্রত্যাহার করা হয়েছে।

গত বুধবার রাতে রাজধানীর মিরপুরে চাঁদা না পেয়ে পুলিশের ছোড়া তেলের চুলার বিস্ফোরণে চা-দোকানি বাবুল মাতবর দগ্ধ হন বলে অভিযোগ ওঠে। দগ্ধ বাবুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। তাঁর শরীরের ৯৫ ভাগ পুড়ে গিয়েছিল। পরের দিন বৃহস্পতিবার হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় গত বৃহস্পতিবার পুলিশ দুটি কমিটি গঠন করে। পুলিশের মিরপুর বিভাগের অতিরিক্ত উপকমিশনার মাসুদ আহমদ খানকে প্রধান করে দুই সদস্যের একটি এবং ডিএমপি সদর দপ্তরের উপকমিশনার (পেশাগত মান ও অভ্যন্তরীণ তদন্ত বিভাগ) টুটুল চক্রবর্তীকে প্রধান করে অপর কমিটি গঠন করা হয়। ওই দিনই নিহতের স্ত্রী রোকসানা বাদী হয়ে শাহ আলী থানায় মামলা করেন।

আরও পড়ুন: