‘অন্যবার এমন সময় কত না চিল্লাচিল্লি (হট্টগোল) হইত। চা শ্রমিকদের ভোটবল দেখিয়ে নেওয়ার জন্য এমন হইত। এই বার সেই চিল্লাচিল্লি নাই। চায়ের মানুষগুলা এ নিয়া বড় শান্তিতে আছে। চিল্লাচিল্লি না থাকায় নিজ থাইকা অনেক প্রার্থীও হইছে!’ সিলেটে চা শ্রমিক-অধ্যুষিত এলাকায় ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন ও পরিবেশ নিয়ে এভাবেই বলছিলেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন সিলেট ভ্যালির সভাপতি শ্রীবাস মাহালি। চা-শ্রমিকদের ভাষায় ‘চিল্লাচিল্লি’ হচ্ছে প্রার্থীর পক্ষের মিছিলসহ দলগত প্রচার। এবার সেই অবস্থা না থাকায় তারা বেশ স্বস্তিতে আছেন বলে তিনি জানান।আজ মঙ্গলবার থেকে সিলেট সদর উপজেলার আট ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়ে সিলেট বিভাগে পর্যায়ক্রমে শুরু হচ্ছে ইউপি নির্বাচনের ভোট উৎসব। জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, সদর উপজেলার আট ইউনিয়নের মধ্যে খাদিমনগর ইউনিয়নের একাংশে রয়েছে চা বাগান। বড়জান, খাদিম, কালাগুল ও চরাগাঙ—এ চার পল্লিতে চা শ্রমিক ভোটার বেশি। ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে চা শ্রমিক ভোটারের সংখ্যা প্রায় দুই হাজার ৩০০।চা শ্রমিক ইউনিয়ন সূত্র জানায়, নির্বাচনী প্রচারে পরিবর্তন ও প্রার্থীদের আচরণবিধি মানতে কড়াকড়ি থাকায় এবার অন্যবারের তুলনায় চা শ্রমিকদের প্রতিদ্বন্দ্বিতা করার হার বেশি। খাদিমনগর ইউনিয়নের বড়জান, কালাগুল, চরগাঙ ও খাদিম এলাকা থেকে ইউপি সদস্য পদে প্রার্থী হয়েছেন আটজন চা শ্রমিক। বিগত নির্বাচনে ওই এলাকা থেকে একজন মাত্র প্রার্থী হয়েছিলেন। খাদিম নির্মলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নান্টু সিং ছত্রী বলেন, চা-পল্লির মানুষেরা যাঁকে ভোট দেন, একসঙ্গে দেন। এ কারণে বিগত নির্বাচনগুলোতে দেখা গেছে, তাঁদের দলগতভাবে টানাহেঁচড়া করা হতো। এবার চা শ্রমিক পরিবার থেকে একাধিক প্রার্থী থাকায় ভোট দেওয়ার ক্ষেত্রে একধরনের স্বতন্ত্র ভাবনা এসেছে। নির্বাচনী আচরণবিধি সংস্কারের ফলে এ বিষয়টি সম্ভব হয়েছে বলে তিনি মনে করেন। ‘অন্যবার দেখতাম প্রার্থীর প্রচারকাজে লোক ভাড়া করা হইত। বলা হতো, টাকা নেও—আমার পেছনে খাটো...! এইবার ভোট দেওয়ার কথাও কেউ কাউরে শক্ত কইরা কইতে পারছে না।’ কথাগুলো বলছিলেন কালাগুল এলাকার বাসিন্দা শিক্ষার্থী যতীন বাগচী। প্রচারকাজ শেষ করে ভোট-উৎসবের প্রস্তুতিতে থাকা চা-পল্লির প্রার্থীরাও ভোটারদের মতো নির্বাচনী পরিবেশ নিয়ে স্বস্তির মধ্যে রয়েছেন। খাদিমনগরের ইউপি সদস্য পদ প্রার্থী কুমকুম নায়েক বলেন, ‘ইলেকশনটা জমজমাট (খরচ কম অর্থে) না হওয়ায় আমরা অনেকেই প্রার্থী হইছি!’ একই ইউপির আরেক সদস্য প্রার্থী সুশান্ত চাষা বলেন, ‘অমরা অনেকই প্রার্থী হইছি। যে জিতব, তাঁরেই আমরা মেনে নিব। এতে কোনো দ্বন্দ্ব থাকবে না।’ বিকাশরঞ্জন বাউড়ি নামে চা-পল্লির আরেক প্রার্থী শেষ পর্যন্ত এ পরিবেশ ধরে রাখতে প্রশাসনিকভাবে কঠোর নজরদারি দাবি করেন।সিলেট জেলা নির্বাচন কর্মকর্তা মো. সামসুল আলম প্রথম আলোকে বলেন, ‘নির্বাচনী আচরণবিধি সংস্কার করে প্রয়োজনীয় পরিবর্তন সাধারণ ভোটারদের কাছে বেশি গ্রহণযোগ্য হয়েছে। শুধু চা বাগান এলাকা নয়, সব জায়গায় ভোট গ্রহণ পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশ রাখতে সম্ভাব্য সব চেষ্টা আমাদের থাকবে।’ ‘সবেধন নীলমণি’: বাংলাদেশে আদিবাসী ‘পাত্র’ সম্প্রদায়ের বসবাস কেবল সিলেট সদর ও জৈন্তাপুর উপজেলায়। সদরের কালাগুল ইউনিয়নে পাত্রদের ভোটার সংখ্যা ৫৭৫ জন। কালাগুল গ্রাম থেকে সংরক্ষিত নারী সদস্য পদে (ওয়ার্ড নম্বর ৭, ৮, ৯) পাত্র সম্প্রদায় থেকে এবারই প্রথম প্রার্থী হয়েছেন অনিতা পাল (৩২)। অতীতে অধিকারবঞ্চনা তাঁর প্রার্থিতার পেছনের কারণ বলে জানান অনিতা। পাত্র সম্প্রদায় কল্যাণ পরিষদের (পাসকপ) সভাপতি গোরাঙ্গ পাত্র প্রথম আলোকে বলেন, ‘আগে আমরা (পাত্ররা) শুধু ভোট দিতাম। এবার নিজের প্রার্থীর পক্ষে প্রচার চালাচ্ছি আর ভোট প্রার্থনা করছি। বলতে পারেন অনিতা আমাদের সম্প্রদায়ের সবেধন নীলমণি। অনিতার প্রার্থিতার মধ্য দিয়ে আমাদের একটি অধ্যায়ের সূচনা হলো।’