চা-পাতার নিলাম চট্টগ্রামে বহাল রাখার দাবিতে স্মারকলিপি
চট্টগ্রাম থেকে চা-পাতার নিলাম কার্যক্রম শ্রীমঙ্গলে স্থানান্তরের সিদ্ধান্ত বন্ধ করার দাবি জানিয়েছে বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটি। এই প্রক্রিয়া বন্ধের দাবিতে গতকাল মঙ্গলবার দুপুরে কমিটির নেতারা চট্টগ্রামের বিভাগীয় কমিশনারের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছেন।স্মারকলিপিতে বলা হয়, দেশের ১৬৩টি বাগানে উ ৎ পাদিত চা-পাতার নিলাম এত দিন চট্টগ্রামের টি ট্রেডার্স অব বাংলাদেশের ছয়টি হাউসের মাধ্যমে সম্পাদন করা হতো। আন্তর্জাতিক এ নিলামের জন্য চট্টগ্রামে প্রয়োজনীয় অবকাঠামো রয়েছে। রয়েছে গুদাম, পরীক্ষাগার ও অন্যান্য অবকাঠামো। চট্টগ্রামে দীর্ঘদিনে এ নিলামকে ঘিরে যে অবকাঠামো গড়ে উঠেছে, শ্রীমঙ্গলে তা নতুন করে করতে কমপক্ষে চার হাজার কোটি টাকার প্রয়োজন।এতে আরও বলা হয়, মূলত চট্টগ্রামবিদ্বেষী একটি মহল চা-পাতা নিলামকে চট্টগ্রাম থেকে শ্রীমঙ্গলে নিয়ে যাওয়ার চক্রান্ত করছে। এই সিদ্ধান্তের কারণে রাজস্ব আদায়সহ দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড হুমকির মুখে পড়ার আশঙ্কা রয়েছে। তাই চা-পাতার নিলাম কার্যক্রম চট্টগ্রামে বহাল রাখার বিষয়ে বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছে বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়। কমিটির চেয়ারম্যান তসলিম উদ্দিন চৌধুরী, মহাসচিব এইচ এম মুজিবুল হক স্মারকলিপিটি বিভাগীয় কমিশনার মো. সিরাজুল হক খানের হাতে তুলে দেন। এ সময় কমিটির অন্যান্য নেতার মধ্যে মুহাম্মদ উল্লাহ, শফিউল আলম, কফিল উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।