চা পান করে একজনের মৃত্যু
ফরিদপুরের ভাঙ্গায় সবজিচাষি ও চায়ের দোকানদার সাই মাতুব্বর (৭০) ভুলে চা তৈরির সময় চা-পাতির পরিবর্তে ফুরাডান (কীটনাশক) দিয়ে চা তৈরি করেন। ওই চা পান করে ভগ্নিপতির মৃত্যু এবং ছেলে গুরুতর অসুস্থ হয়েছেন। গত রোববার সন্ধ্যায় উপজেলার চুমুরদী ইউনিয়নের পূর্ব সদরদী গ্রামে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া জয়নাল মোড়ল (৫৫) চা বিক্রেতা সাই মাতুব্বরের ভগ্নিপতি। চা ভেবে ওই তরল পান করে চা বিক্রেতা সাই মাতুব্বরের ছেলে সুমন মাতুব্বর (২৪) গুরুতর অসুস্থ হন। তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকার চার-পাঁচজনের সঙ্গে কথা বলে জানা যায়, পূর্ব সদরদী গ্রামের সাই মাতুব্বর একই দোকানে চা ও সবজির কীটনাশক বিক্রি করেন। গত রোববার সন্ধ্যা সাতটার দিকে সাই মাতুব্বরের ভগ্নিপতি ওই গ্রামেরই বাসিন্দা জয়নাল মোড়ল ও চা বিক্রেতার ছেলে সুমন মাতুব্বরের জন্য চা তৈরি করেন। এ সময় ভুলক্রমে চা-পাতির পরিবর্তে একই রকম দেখতে ফুরাডান দিয়ে চা তৈরি করেন। ওই তরল পান করার কয়েক মিনিট পরই অসুস্থ হয়ে পড়েন ওই দুই ব্যক্তি। গুরুতর অসুস্থ অবস্থায় তাঁদের ফরিদপুর মেডিকেলে নিলে জয়নাল মোড়ল মারা যান।