চা পানের সাজা ৫০ ডিগবাজি
চা পানের সাজা ৫০টি ডিগবাজি। একটি পোশাক কারখানার এক নিরাপত্তাকর্মীকে এ সাজা দিয়েছেন ওই প্রতিষ্ঠানের এক কর্মকর্তা। আর এ সাজা ভোগ করতে গিয়ে বৃদ্ধ নিরাপত্তাকর্মী অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। জানা যায়, ঢাকার সাভারের আশুলিয়া থানার পলাশবাড়ী এলাকার সাহারিয়ার গার্মেন্টসের আবুল কালাম (৫৫) নামের এক নিরাপত্তাকর্মী গতকাল কর্তব্য পালনের একপর্যায়ে দুপুর সাড়ে ১২টার দিকে কারখানাসংলগ্ন একটি দোকানে গিয়ে চা পান করেন। চা পান শেষে মিনিট দশেক পর তিনি কারখানার ভেতরে ঢুকলে পিয়ন মিন্টু মিয়া তাঁকে মহাব্যবস্থাপক (জিএম) রিয়াজ উদ্দিনের কক্ষে ডেকে নিয়ে যান। এরপর জিএম রিয়াজ উদ্দিন কারখানার নিরাপত্তা কর্মকর্তা সারোয়ার হোসেনকে তাঁর কক্ষে ডেকে নিয়ে আবুল কালামকে কঠোর শাস্তি দেওয়ার নির্দেশ দেন। এ সময় আবুল কালাম বিষয়টির জন্য ভুল স্বীকার করে ক্ষমা চান। এতেও মন গলেনি ওই কর্মকর্তার। তাঁর সিদ্ধান্তে অটল থেকে নিরাপত্তা কর্মকর্তাকে সাজা তামিল করার নির্দেশ দেন তিনি। আবুল কালাম অভিযোগ করেন, জিএমের নির্দেশ অনুযায়ী দুপুর দুইটায় তাঁর দায়িত্ব শেষ হওয়ার পর নিরাপত্তা কর্মকর্তা সারোয়ার হোসেন তাঁকে হাফপ্যান্ট পরিয়ে কারখানাসংলগ্ন একটি ফাঁকা জায়গায় নিয়ে যান। এরপর তিনি শতাধিক লোকের সামনে তাঁকে বালুর ওপর দাঁড়া করিয়ে ৫০টি ডিগবাজি দেওয়ার নির্দেশ দেন। চাকরি হারানোর ভয়ে সারোয়ার হোসেনের কথামতো তিনি ডিগবাজি দিতে থাকেন। ১০টি ডিগবাজি দেওয়ার পরই তিনি অচেতন হয়ে পড়লে তাঁকে স্থানীয় হাবিব ক্লিনিকে নিয়ে ভর্তি করা হয়। এ ব্যাপারে নিরাপত্তা কর্মকর্তা সারোয়ার হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ পালন করেছি। এ ছাড়া আমার আর কোনো উপায় ছিল না।’ জিএম রিয়াজ উদ্দিনের সঙ্গে কথা বলার জন্য ওই কারখানায় গিয়ে তাঁকে পাওয়া যায়নি। কারখানা থেকে তাঁর মুঠোফোনের নম্বর না দেওয়ায় বিকল্পভাবেও তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।তবে কারখানার উপমহাব্যবস্থাপক (হিসাব) মোবারক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।