চা-বাগান এলাকায় সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপনের দাবি
আদিবাসী ও চা-বাগানের ছেলেমেয়েদের জন্য পানপুঞ্জি ও চা-বাগান এলাকায় সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপন করতে হবে। এসব বিদ্যালয়ে আদিবাসী শিক্ষক-শিক্ষিকা নিয়োগ দিলে আদিবাসী ছাত্রছাত্রীদের ঝরে পড়ার হার রোধ হবে। আদিবাসী ছেলেমেয়েদের ভাষাভীতি দূর হবে। গত শুক্রবার মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ ইউনিয়ন পরিষদের (ইউপি) ৭ নম্বর খাসিয়া পানপুঞ্জিতে শতভাগ ছেলেমেয়ে স্কুলে ভর্তি ও ঝরে পড়া রোধ, মিড-ডে হট মিল ও সরকারি উন্নয়নমূলক কাজে আদিবাসীদের সম্পৃক্তকরণ বিষয়ে মতবিনিময় সভায় বক্তারা উপরোক্ত কথা বলেন। এই মতবিনিময় সভার আয়োজন করে ইনডিজিনাস পিপলস ডেভেলপমেন্ট সার্ভিসেসের (আইপিডিএস) কুলাউড়া কার্যালয়। মাধব ও ৭ নম্বর পুঞ্জির মন্ত্রী (পুঞ্জিপ্রধান) ওয়ানবর লংডিগিরির সভাপতিত্বে এবং আইপিডিএসের প্রকল্প সমন্বয়কারী জয়ন্ত লরেন্স রাকসামের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সিরাজ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মোহাম্মদ আমিনুর রহমান, দক্ষিণভাগ দক্ষিণ ইউপির চেয়ারম্যান মো. আজির উদ্দিন, আদিবাসী ফোরামের সদস্য ও আদিবাসী উন্নয়ন সংগঠন কুবরাজের সাধারণ সম্পাদক ফ্লোরা বাবলী তালাং ও দক্ষিণভাগ দক্ষিণ ইউপির সদস্য ডেভিড পাপাং।