চা-বাগান শ্রমিকদের মজুরি ৪০০ টাকা করার দাবি

দৈনিক ৪০০ টাকা মজুরিসহ ১২ দফা দাবিতে গতকাল রোববার প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি দিয়েছে সিলেট ও মৌলভীবাজার চা-শ্রমিক সংঘ। গতকাল রোববার জেলা প্রশাসকের মাধ্যমে এ স্মারকলিপিগুলো দেওয়া হয়।
অন্য দাবিগুলোর মধ্যে সাপ্তাহিক ছুটির দিনে মজুরি প্রদান, ভূমির অধিকার, এক মাসের মজুরির সমান বছরে দুটি উৎসব বোনাস, পূর্ণ রেশন, শ্রীমঙ্গলে স্থায়ী শ্রম আদালত স্থাপন উল্লেখযোগ্য।
স্মারকলিপি দেওয়ার আগে চা-শ্রমিক সংঘ মৌলভীবাজার জেলা শাখার আহ্বায়ক রাজদেও কৈরীর সভাপতিত্বে কোর্ট রোডের চৌমোহনা এলাকায় এক সংক্ষিপ্ত সমাবেশ করা হয়। বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে চা-শ্রমিকদের মজুরি বাড়ানো হচ্ছে না। দৈনিক ৬৯ টাকা মজুরিতে চা-বাগানের শ্রমিকেরা অনাহারে-অর্ধাহারে থাকতে বাধ্য হচ্ছেন। চা-শ্রমিকদের সুস্থভাবে বেঁচে থাকা ও উৎপাদনে সক্রিয় থাকার প্রয়োজনে বর্তমান বাজারদরের সঙ্গে সংগতি রেখে শ্রমিকদের ন্যূনতম ৪০০ টাকা মজুরি দিতে হবে। এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি মৌলভীবাজার জেলা শাখার আহ্বায়ক অবনী শর্মা, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ জেলা শাখার সাধারণ সম্পাদক রজত বিশ্বাস প্রমুখ।
স্মারকলিপিতে জেলার বিভিন্ন চা-বাগানের ৩৪৫ জন শ্রমিক স্বাক্ষর করেছেন। মৌলভীবাজারের জেলা প্রশাসক কামরুল হাসানের মাধ্যমে এ স্মারকলিপি দেওয়া হয়।
সিলেটের চা-শ্রমিকেরা গতকাল সকালে মালনীছড়া চা-বাগান থেকে একটি মিছিল বের করেন। জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপিটি নেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক সিরাজুল ইসলাম।
চা শ্রমিক সংঘের আহ্বায়ক রাধামনি মুন্ডা স্বাক্ষরিত স্মারকলিপিতে বলা হয়, বর্তমান সময়োপযোগী মজুরি করতে হবে ন্যূনতম ৪০০ টাকা। এর পাশাপাশি খাবারের খরচও দিতে হবে। স্মারকলিপিতে চা-শিল্পে শ্রম আইন কার্যকর করারও দাবি জানানো হয়।
স্মারকলিপিতে বলা হয়, টানা তিন বছর ধরে একই দাবি জানানোর পরও চা-শ্রমিকদের মজুরি এক টাকা বাড়েনি। মজুরি বৃদ্ধির দাবিটি এখন চা শিল্পাঞ্চলে সবচেয়ে মানবিক একটি দাবিতে পরিণত হয়েছে। এ জন্য তাঁরা বাগান কর্তৃপক্ষ কিংবা স্থানীয় প্রশাসন নয়, সরাসরি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
স্মারকলিপি হস্তান্তর শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এক সমাবেশে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা শাখার সহসভাপতি আবুল কালাম আজাদ, জাতীয় ছাত্রদল শাবিপ্রবি শাখার সভাপতি শাহাদত হোসেন প্রমুখ বক্তব্য দেন।