চা-বাগানকে জমি দিলে পরিবেশ বিপন্ন হওয়ার শঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের জুড়ী উপজেলার হাড়ারগজের সংরক্ষিত বনের জমি চা-বাগানের জন্য বন্দোবস্ত দেওয়া হলে বনের পরিবেশ বিপন্ন হওয়ার আশঙ্কা রয়েছে। উপজেলা প্রশাসনকে স্থানীয় ভূমি কার্যালয়ের দেওয়া এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
জুড়ী-১ রেঞ্জের আওতাধীন হাড়ারগজ সংরক্ষিত বনের ২ হাজার ১৭৪ দশমিক ৩৫ একর জমি ২০১৩ সালে মৌলভীবাজারের জেলা প্রশাসকের নামে রেকর্ড হয়। অথচ বন আইন অনুযায়ী সংরক্ষিত বনের জমি বন বিভাগের নামে খতিয়ানভুক্ত হবে।
উপজেলা ভূমি কার্যালয় সূত্র জানায়, জেলা প্রশাসকের নামে রেকর্ড হওয়া জমিতে চা-বাগান করার জন্য রহমান অ্যান্ড কোম্পানি লিমিটেড নামের ঢাকার একটি প্রতিষ্ঠান গত ১৬ ফেব্রুয়ারি ভূমিমন্ত্রীর কাছে আবেদন করে। পরে মন্ত্রণালয় থেকে জেলা প্রশাসকের কাছে এ ব্যাপারে প্রতিবেদন চাওয়া হয়। ২২ জুন স্থানীয় ফুলতলা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার পাঠানো প্রতিবেদনের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এএসএম ইবনুল হাসান ইউএনওর কাছে একটি প্রতিবেদন পাঠান। তাতে বলা হয়েছে, জেলা প্রশাসকের নামে রেকর্ড হওয়া জমিতে তিনটি খাসিয়াপুঞ্জি এবং বিভিন্ন জাতের গাছের বাগান রয়েছে। সেখানে চা-বাগান করা হলে বনজ বৃক্ষ ধ্বংস হবে। এতে পরিবেশ বিপন্ন হবে।